ব্রেক্সিট: আনুষ্ঠানিক আলোচনা শুরুর আগেই কথার লড়াই
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের সদস্যপদ প্রত্যাহার করে নেওয়ার (ব্রেক্সিট নামে বেশি পরিচিত) আনুষ্ঠানিক আলোচনা শুরুর আগেই একে অপরকে পাল্টাপাল্টি কথার আক্রমণে বিদ্ধ করছে উভয় পক্ষ।
সপ্তাহব্যাপী চলমান বাগ্যুদ্ধে আজ শুক্রবার নতুন মাত্রা যোগ করেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জন ক্লদ ইয়ঙ্কার। ইতালিতে অনুষ্ঠিত ইইউর এক বৈঠকে তিনি বলেন, ইউরোপে ইংরেজি গুরুত্ব হারাচ্ছে। এ কথা বলেই ফরাসি ভাষায় বক্তব্য দেন জার্মান নাগরিক ক্লদ ইয়ঙ্কার। এ সময় তুমুল করতালিতে জেগে উঠে পুরো হল। ইয়ঙ্কার এত দিন সাধারণত ইংরেজি ভাষায় বক্তব্য দিতেন।
গত ২৬ এপ্রিল যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ক্লদ ইয়ঙ্কারে মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। ব্রিটিশ সরকারের পক্ষ থেকে দাবি করা হয় বৈঠকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে গঠনমূলক আলোচনা হয়েছে। কিন্তু ৩০ এপ্রিল জার্মানির একটি সংবাদপত্র বৈঠকের বিস্তারিত তুলে ধরে সংবাদ প্রকাশ করলেই বাধে বিপত্তি। জার্মান সংবাদপত্রে দাবি করা হয়, ব্রেক্সিট আলোচনা সফল হবে না এবং অতীতের চেয়ে ১০ ভাগ বেশি হতাশা নিয়ে ব্রিটেন ছাড়ছেন বলে থেরেসা মে কে জানিয়েছেন ইয়ঙ্কার। সংবাদে বলা হয়, বৈঠকের পর জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে টেলিফোন আলাপে ইয়ঙ্কার মন্তব্য করেন ‘থেরেসা মে বিভ্রান্ত ও অন্য গ্রহে বাস করছেন’।
জবাবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় জার্মান পত্রিকার খবরকে ইইউর ‘গালগপ্প’ এবং ব্রিটিশবিরোধী প্রচারণা বলে অভিহিত করে। এরপর গত মঙ্গলবার ইইউ ব্রেক্সিট বিলের পরিমাণ ৫০ থেকে বাড়িয়ে ১০০ বিলিয়ন পাউন্ড করছে বলে খবর প্রকাশিত হলে বাড়ে কথার উত্তাপ। পরদিন বুধবার প্রধানমন্ত্রী থেরেসা মে অভিযোগ করেন, ব্রেক্সিট নিয়ে গুজব ছড়িয়ে ইইউ যুক্তরাজ্যের নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করছে।
জবাবে ইয়ঙ্কারের একজন মুখপাত্র বলেন, ব্রিটিশ নির্বাচন নিয়ে মাথা ঘামানোর সময় ইইউর নেই। আর গতকাল বৃহস্পতিবার ইইউ কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক সবাইকে সংযত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সমঝোতার কাজটি এমনিতেই জটিল। আনুষ্ঠানিক আলোচনা শুরুর আগেই তর্ক করে কাজটি অসম্ভব করে তোলার দরকার নেই। এদিন রাতে বিবিসির এক অনুষ্ঠানে যুক্তরাজ্যের ব্রেক্সিটবিষয়ক মন্ত্রী ডেভিড ডেভিস ইইউর নেতারা ব্রিটিশদের ভয় দেখাচ্ছে বলে অভিযোগ করেন। এরপর ইইউর পক্ষ থেকে পাল্টা জবাব আসতে দেরি হয়নি। আজ শুক্রবার ইতালিতে ইইউর এক সভায় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ক্লদ ইয়ঙ্কার কেবল ইংরেজি বর্জন করেই ক্ষান্ত হননি। তিনি বলেন, যুক্তরাজ্যকে কেউ তাড়িয়ে দেয়নি। বরং তারা সজ্ঞানে ইইউকে ত্যাগ করেছে। তাই স্বাভাবিক কারণেই ইউরোপে ইংরেজির গুরুত্ব কমছে।