ব্রেক্সিট আলোচনা শুরু করতে প্রস্তুত ইইউ: ম্যার্কেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল যুক্তরাজ্যের প্রতি দ্রুত ব্রেক্সিট (ইইউ থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ) আলোচনা শুরুর তাগিদ দিয়ে বলেছেন, ‘আমরা আলোচনা শুরু করতে প্রস্তুত। দিনপঞ্জি মেনে তা দ্রুত করতে চাই।’ মেক্সিকো সফরের সময় গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ তাগিদ দেন জার্মানির নেতা।

ব্রেক্সিট আলোচনায় নিজের অবস্থান আরও সংহত করতে মধ্যবর্তী নির্বাচনের ডাক দিয়েছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে। তবে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই ভোট উল্টো আরও দুর্বল করে দিয়েছে তাঁর অবস্থান। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন তিনি। ব্রেক্সিট আলোচনা নিয়ে সৃষ্টি হয়েছে উদ্বেগ। এমন প্রেক্ষাপটে জার্মানির চ্যান্সেলর আলোচনা শুরুর তাগিদ দিলেন।

আঙ্গেলা ম্যার্কেল আরও বলেন, ‘আমরা যুক্তরাজ্যের নির্বাচনের অপেক্ষায় ছিলাম, তবে আর কয়েক দিনের মধ্যেই এ আলোচনা শুরু হবে। আমরা ২৭ জাতির (যুক্তরাজ্য বাদে ইইউ জোট) স্বার্থরক্ষার চেষ্টা করব, আর যুক্তরাজ্য নিজের স্বার্থরক্ষার চেষ্টা করবে।’ তিনি বলেন, বিচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন করার পাশাপাশি বলব, আমরা যুক্তরাজ্যের ভালো অংশীদার হিসেবে থাকতে চাই।’

এদিকে বিবিসি জানায়, ইউরোপীয় কমিশনের প্রধান জঁ্য-ক্লদ ইয়ুঙ্কার বলেছেন, কোনো বিলম্ব না করেই তিনি ব্রেক্সিট আলোচনা শুরু করতে চান। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্কও জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যেই তিনিও ব্রেক্সিট আলোচনা শেষ করার পক্ষে। তবে এ ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের মুখ্য আলোচনাকারী মাইকেল বারনিয়ের বলেছেন, ‘যুক্তরাজ্য প্রস্তুত হওয়ার পরই আলোচনা শুরু হওয়া উচিত।’