ব্রেক্সিট ইস্যু নিয়ে সব দলের প্রায় এক সুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যে আগামী সাধারণ নির্বাচনের অন্যতম প্রধান ইস্যু ব্রেক্সিট বা ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ সুষ্ঠুভাবে কার্যকর করা। ভোট টানতে তাই এই ইস্যু নিয়ে দর-কষাকষিতে নেমেছে দলগুলো। তবে বিশ্লেষকেরা বলছেন, শব্দচয়নে ভিন্নতা থাকলেও প্রধান দুই দলের পরিকল্পনায় আসলে কোনো তফাত নেই।
২০১৬ সালের জুন মাসে অনুষ্ঠিত গণভোটে যুক্তরাজ্যের ৫২ শতাংশ ভোটার ব্রেক্সিটের পক্ষে ভোট দেন। অর্থাৎ প্রায় অর্ধেক ভোটার এর বিপক্ষে। কাজেই এ বিচ্ছেদের পক্ষে-বিপক্ষের ভোটারদের মনরক্ষার প্রতিযোগিতায় নেমেছে রাজনৈতিক দলগুলো।
ব্রেক্সিট বাস্তবায়ন নিয়ে ক্ষমতাসীন কনজারভেটিভ দলের অবস্থান বেশ আগেই স্পষ্ট হয়েছে। প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, তিনি সম্পর্ক পুরোপুরি চুকিয়ে নেওয়ার পক্ষে। সরকারের অবস্থানকে ‘হার্ড ব্রেক্সিট’ বলে সমালোচনা করে আসছিল লেবার পার্টি। কিন্তু লেবার পার্টির অর্ধশতাধিক আসনে ইইউর সঙ্গে বিচ্ছেদের পক্ষেই ভোট পড়েছিল। তাই শেষ পর্যন্ত ব্রেক্সিট পরিকল্পনায় আসনগুলো ধরে রাখার কৌশল নিয়েছে দলটি।
থেরেসা মে বলেছেন, ইইউ দেশগুলোর সঙ্গে আগের মতো অবাধ যাতায়াত বন্ধ করতে প্রয়োজনে শুল্কমুক্ত বাজারের সুবিধা ছাড়বেন তিনি। তবে লেবার পার্টি বলছে, তারা এ বিষয়টি আলোচনার টেবিলে রেখে বাণিজ্য সুবিধা ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা চালাবে।
অন্যদিকে লিবারেল ডেমোক্র্যাটস পার্টি ইইউর একক বাজার ছাড়ার ঘোর বিরোধী। গ্রিন পার্টি, স্কটল্যান্ডের প্রধান দল স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি (এসএনপি) ও ওয়েলসের প্লাইড কামরি পার্টিও ইইউর একক বাজার ছাড়ার বিপক্ষে। তবে উত্তর আয়ারল্যান্ডের দলগুলো চায় না ব্রেক্সিট কার্যকর হয়ে দুই আয়ারল্যান্ডের মানুষের অবাধ চলাচল বন্ধ হয়ে যাক। আর ইউকে ইনডিপেনডেন্ট পার্টির (ইউকিপ) প্রতিষ্ঠাই ইইউবিরোধিতা থেকে।