সরকার নয়; সংসদকেই ব্রেক্সিট কার্যকরের বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিতে হবে। বৃহস্পতিবার যুক্তরাজ্যের উচ্চ আদালতের দেওয়া রায়ে এমন আদেশ দেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যপদ ছেড়ে যুক্তরাজ্যের বিচ্ছিন্ন হওয়ার বিষয়টিকে বলা হচ্ছে ব্রেক্সিট, যা ব্রিটেন এক্সিটের সংক্ষেপিত রূপ।
প্রধানমন্ত্রী থেরেসা মে আগামী মে মাসের শেষ নাগাদ ব্রেক্সিট প্রক্রিয়া শুরু করার ঘোষণা দিয়েছিলেন। আদালতের এই রায় সরকারের সেই পরিকল্পনায় বড় রকমের ধাক্কা বলে মনে করা হচ্ছে। বলা হচ্ছে, কবে, কখন, কী শর্তে ব্রেক্সিট কার্যকর হবে তা আপাতত অনিশ্চিত হয়ে গেল। রায়ের প্রতিক্রিয়ায় ইইউ বিরোধী কট্টর ডানপন্থী নেতা নাইজেল ফারাজ বলেছেন, পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে তিনি দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতের সঙ্গে বিশ্বাসঘাতকতার আলামত দেখছেন। সরকারের তরফে বলা হয়েছে, তারা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবেন।
গত ২৩ জুন গণভোটে যুক্তরাজ্যের মানুষ ইইউর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পক্ষে রায় দেয়। গণভোটের এই রায় কার্যকর করতে যুক্তরাজ্যকে লিসবন চুক্তির আর্টিকেল-৫০ সক্রিয় করার জন্য ইইউ কমিশনের কাছে আনুষ্ঠানিক আবেদন জানাতে হবে। তবেই ইইউর সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্কের সেলাই খুলতে শুরু করবে। আর্টিকেল-৫০ সক্রিয় করার দুই বছরের মধ্যে সম্পর্ক গুটিয়ে নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। আর, এই আর্টিকেল-৫০ কার্যকর করার ক্ষমতা কার-তা নিয়েই বাঁধে বিপত্তি।
সরকার দাবি করে, বিদ্যমান ক্ষমতাবলে মন্ত্রিপরিষদ আর্টিকেল-৫০ সক্রিয় করা ও ইইউর সঙ্গে ব্রেক্সিট পরবর্তী সম্পর্কের শর্ত নির্ধারণ করবে। বিরোধী দলসহ ইইউপন্থী এমপিরা বলেন, সংসদে ভোটাভুটির মাধ্যমে এসব সিদ্ধান্ত নিতে হবে। এ নিয়ে বিতণ্ডার মধ্যেই সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা ঠুকে দেয় ইইউপন্থী প্রচার গোষ্ঠী।
ইংল্যান্ড ও ওয়েলসের প্রধান বিচারপতি লর্ড থোমাস তাঁর রায়ে বলেন, যুক্তরাজ্য ইইউতে থাকবে, কী থাকবে না-এ বিষয়ে তিনি কোনো অবস্থান নিচ্ছেন না। কেবল সৃষ্ট বিতর্কে আইনের অবস্থান কী সেটিকেই তিনি নির্দেশ করবেন। সরকারের যুক্তি ছিল, ১৬১০ সালের একটি রাজকীয় ফরমানে দেওয়া বিশেষ ক্ষমতাবলে ব্রেক্সিট কার্যকরের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা মন্ত্রী পরিষদের রয়েছে। বর্তমান সময়ে ওই ফরমানকে অচল আখ্যায়িত করে বিচারক বলেন, মন্ত্রী পরিষদ নয়, সংসদ সদস্যরাই বিষয়টিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
বিবিসির রাজনীতি বিষয়ক সহকারী সম্পাদক আদালতের দেওয়া রায়ের বিশ্লেষণ করে বলেন, সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছে তারা সুপ্রিম কোর্টে আপিল করবেন। সেখানে সরকার যদি বিজয়ীও হয়, তবে বাদী পক্ষ আবার সেই রায়কে ইউরোপিয়ান আদালতে চ্যালেঞ্জ করতে পারেন। যুক্তরাজ্য এখনো ইইউর সদস্য রাষ্ট্র। ফলে বিদ্যমান নিয়ম অনুযায়ী বাদী পক্ষের সেই সুযোগ রয়েছে। এতে ইইউ প্রশ্নে যুক্তরাজ্যের ভবিষ্যৎ ইইউ আদালতেই নির্ধারিত হওয়ার সম্ভাবনা তৈরি হবে মন্তব্য করে তিনি বলেন, সরকার এমন পরিস্থিতি চাইবে না।
স্মিথ বলেন, বিকল্প হিসেবে সরকারের হাতে দুটি উপায় বাকি থাকবে। এর একটি- ব্রেক্সিট কার্যকরের সময়, শর্ত উল্লেখ করে যথাযথ একটি আইন সংসদে পাশ করিয়ে নেওয়া। এটি করতে ইইউর একক বাজারের সুবিধা ধরে রাখা না রাখা নিয়ে সরকারকে বেকায়দার পড়তে হবে। কেননা, বেশির ভাগ এমপি যে কোনো মূল্যে একক বাজারের সুবিধা ধরে রাখার পক্ষে। মতবিরোধ নিরসন করে সংসদের নিম্ন কক্ষ ও উচ্চ কক্ষ পেরিয়ে এমন আইন প্রণয়ন অস্বাভাবিক রকমের সময় সাপেক্ষ ব্যাপার বলে মন্তব্য করেন বিবিসির এই বিশ্লেষক। আবার উচ্চ কক্ষে সরকারি দল কনজারভেটিভের সংখ্যাগরিষ্ঠতাও নেই।
আর অন্য বিকল্পটি হলো- বিষয়টির ওপর সংসদে একটি মোশন (প্রস্তাব) এনে একটি মাত্র ভোটাভুটিতে সাংসদদের সমর্থন আদায় করে নেওয়া। এটি দ্রুততম বিকল্প হলেও এর সফলতার বিষয়টি পুরোপুরি অনিশ্চিত। কেননা, অধিকাংশ এমপি ইইউতে থাকার পক্ষে প্রচার চালিয়েছিলেন। তাঁরা গণভোটের রায় মেনে বেশি কার্যকরের পক্ষে অবস্থান নিলেও ইইউর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে নানা শর্ত চাপিয়ে দেবেন।
ইইউর মৌলিক নীতি হলো, ইইউর শুল্কমুক্ত একক বাজারের সুবিধা পেতে হলে সদস্য রাষ্ট্রগুলোর নাগরিকদের অবাধ প্রবেশাধিকার মেনে নিতে হবে। যুক্তরাজ্যের মানুষ ইইউভুক্ত নাগরিকদের অবাধে প্রবেশাধিকার ঠেকাতেই মূলত বেক্সিটের পক্ষে রায় দেয়। অভিবাসনের প্রতি কঠোর থেরেসা মের সরকার যে কোনো মূল্যে সেই রায় কার্যকর করার পক্ষে। কিন্তু অভিবাসন ঠেকাতে গিয়ে একক বাজারের সুবিধা হারালে অর্থনীতিতে ধস নামবে বলে আশঙ্কা। তাই ইইউপন্থীরা চাচ্ছেন, ব্রেক্সিট কার্যকরের ক্ষেত্রে কিছুটা নমনীয় নীতি গ্রহণ করা হোক, যাতে একক বাজারের সুবিধা বজায় রাখা সম্ভব হয়।
লন্ডনভিত্তিক ‘এসসিএম প্রাইভেট’ নামের একটি বিনিয়োগ প্রতিষ্ঠানের ব্যবস্থাপক জিনা মিলার সরকারের বিরুদ্ধে এই মামলার নেতৃত্ব দেন।