ব্রেক্সিট কার্যকরের শর্ত নিয়ে দ্বন্দ্ব শেষ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রেক্সিট আদৌ কি কার্যকর হবে? যদি হয়, তবে ঠিক কখন সে প্রক্রিয়া শুরু হবে? এমন প্রশ্নের পাশাপাশি পার্লামেন্টে ভোটাভুটি হলে এমপিরা ব্রেক্সিট-প্রক্রিয়া আটকে দেন কি না, তা নিয়েও ছিল সন্দেহ। কয়েক মাসের নানা নাটকীয়তার পর অবশেষে এসব প্রশ্নের কিছুটা সমাধান মিলেছে।
যুক্তরাজ্যের পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ এমপি আগামী মার্চ মাসেই ব্রেক্সিট-প্রক্রিয়া শুরু করার বিষয়ে একমত হয়েছেন। তাঁরা আরও একমত হয়েছেন যে সরকার ব্রেক্সিটের পুরো পরিকল্পনা পার্লামেন্টে এমপিদের কাছে প্রকাশ করবে এবং এমপিরা এ নিয়ে সরকারকে জবাবদিহি করানোর সুযোগ পাবেন। গত বুধবার সরকার ও বিরোধী দলের আনা ভিন্ন দুটি প্রস্তাব পাসের মধ্যে দিয়ে এমপিরা এ মতৈক্যে পোঁছান। তবে ব্রেক্সিট কার্যকরের শর্ত নিয়ে সরকার ও ইউরোপীয় ইউনিয়নপন্থীদের (ইইউ) মতপার্থক্যের যে মূল লড়াই, তার এখনো সুরাহা হয়নি।
দলমত-নির্বিশেষে ব্রিটিশ পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ এমপি ছিলেন ইইউতে থাকার পক্ষে। ফলে গণভোটের অপ্রত্যাশিত ফল কার্যকর করা নিয়ে শুরু হয় বিতর্ক।
মূলত ইইউ থেকে আসা অভিবাসীদের অবাধ প্রবেশ ঠেকাতে ইইউ ত্যাগের পক্ষে যুক্তরাজ্যের ভোটাররা রায় দেন। নতুন প্রধানমন্ত্রী থেরেসা মে আগামী মার্চ মাসের শেষের দিকে ব্রেক্সিট-প্রক্রিয়া শুরু করার ঘোষণা দেন। এদিকে ব্রেক্সিট কার্যকরে পার্লামেন্টের অনুমতি নিতে সরকারকে বাধ্য করতে মামলা ঠুকে দেন লন্ডনের এক ব্যবসায়ী। হাইকোর্ট রায় দেন, ব্রেক্সিট কার্যকর করতে এমপিদের অনুমোদন লাগবে। এ রায়ের বিরুদ্ধে সরকার আপিল করলে বিরোধী লেবার পার্টি পার্লামেন্টে এমপিদের বিতর্ক করার সুযোগ চায়। বুধবার অনুষ্ঠিত ভোটাভুটিতে ৪৪৮ জন এমপি লেবার দলের আনা প্রস্তাবের পক্ষে ভোট দেন। প্রস্তাবের বিপক্ষে ছিলেন মাত্র ৭৫ জন এমপি। অন্যদিকে মার্চে ব্রেক্সিট-প্রক্রিয়া শুরু করতে সরকারের আনা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন ৪৬১ জন এমপি। আর এ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন ৮৯ জন।