ব্রেক্সিট ঘণ্টা বাজাল যুক্তরাজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের ইচ্ছার কথা গতকাল আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া চিঠি হস্তান্তরের পর ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্কের সঙ্গে করমর্দন করেন ব্রিটিশ রাষ্ট্রদূত টিম ব্যারো (বাঁয়ে) l এএফপি
যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের ইচ্ছার কথা গতকাল আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া চিঠি হস্তান্তরের পর ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্কের সঙ্গে করমর্দন করেন ব্রিটিশ রাষ্ট্রদূত টিম ব্যারো (বাঁয়ে) l এএফপি

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বিচ্ছেদ বা ব্রেক্সিটের আনুষ্ঠানিকতা শুরু করেছে যুক্তরাজ্য। গতকাল বুধবার ইইউর উদ্দেশে লেখা এ-বিষয়ক চিঠিতে স্বাক্ষর করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। এতে লিসবন চুক্তির ৫০ অনুচ্ছেদ কার্যকর করার কথা বলেছেন তিনি। ইইউ জোট ছাড়তে হলে সদস্যদের এই ৫০ অনুচ্ছেদ কার্যকর করতে হয়।
থেরেসা মে–র চিঠি পাওয়ার পর ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক ব্রাসেলসে সাংবাদিকদের বলেন, ‘এটি কোনো আনন্দের দিন নয়। আমরা ইতিমধ্যেই যুক্তরাজ্যকে মিস করছি।’
গত মঙ্গলবার ৬০ বছর পূর্তি হয় ইইউর। সব সংকট কাটিয়ে উঠে নতুন সময়ের চ্যালেঞ্জ মোকাবিলার প্রত্যয় ঘোষণা করেন জোটের নেতারা। এর পরদিনই প্রথম দেশ হিসেবে ইইউ ত্যাগের প্রক্রিয়া শুরু করল যুক্তরাজ্য।
থেরেসা মের চিঠি নিয়ে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে যান ইইউতে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত টিম ব্যারো। সেখানে ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্কের কাছে ছয় পাতার চিঠিটি হস্তান্তর করা হয়। যুক্তরাজ্যের গণভোটে ব্রেক্সিটের পক্ষে রায়ের ৯ মাস পর শুরু হচ্ছে এ প্রক্রিয়া। তা শেষ হতে দুই বছর লাগবে। অর্থাৎ ২০১৯ সাল নাগাদ ঘটবে যুক্তরাজ্য-ইইউ চূড়ান্ত বিচ্ছেদ।
গতকাল হাউস অব কমন্সে এমপিদের উদ্দেশে দেওয়া বক্তব্যে থেরেসা বলেন, ইইউ থেকে যুক্তরাজ্যের বিদায়ের ক্ষণ গণনা শুরু হয়েছে। এখন সবার ঐক্যবদ্ধ হওয়ার সময়। তিনি বলেন, ‘এটা ঐতিহাসিক মুহূর্ত। এর থেকে পিছিয়ে যাওয়ার আর উপায় নেই।’
ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে, আলোচনার সময় থেরেসা মে যুক্তরাজ্যের প্রত্যেক মানুষের প্রতিনিধিত্ব করবেন, যাঁদের মধ্যে যুক্তরাজ্যে বাস করা ইইউ নাগরিকেরাও রয়েছেন। থেরেসা মে তাঁর বিবৃতিতে ব্রেক্সিট ঘিরে যে মতবিরোধ তৈরি হয়েছে, তা থেকে উত্তরণ নিয়েও কথা বলেন।
অর্থমন্ত্রী ফিলিপ হ্যামন্ড বলেছেন, ‘আমরা কীভাবে ব্রেক্সিট আলোচনা এগিয়ে নিয়ে যেতে চাই, তার উল্লেখ আছে চিঠিতে।’

থেরেসা মে
থেরেসা মে

এদিকে বিরোধী দল লেবার পাটির নেতা জেরেমি করবিন বলেছেন, ইইউ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তকে তাঁর দল সম্মান করে, তবে সরকারের প্রতিটি পদক্ষেপের দিকেই তাঁরা নজর রাখবেন। করবিন বলেন, থেরেসা মে যদি শ্রমিকের অধিকার নিশ্চিত করতে না পারেন, তবে এই প্রক্রিয়া হবে ‘ঐতিহাসিক জাতীয় ব্যর্থতা’।
ইইউ কাল শুক্রবার যুক্তরাজ্যের এই চিঠির ব্যাপারে তাদের বক্তব্য জানাবে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া আগামী ২৯ এপ্রিল ইইউ নেতাদের সম্মেলন রয়েছে। সেখানে যুক্তরাজ্যের সঙ্গে তাঁদের আলোচনা এবং সমঝোতার বিষয়ে নির্দেশনা প্রণয়ন করা হবে।
যুক্তরাজ্যে ইইউ দেশের প্রায় ৩৩ লাখ নাগরিক বাস করছেন। একইভাবে ইইউভুক্ত অন্য দেশগুলোতে ১০ লাখের বেশি ব্রিটিশ নাগরিক অবস্থান করছেন। যুক্তরাজ্যের ইউরোপের একক বাজারে থাকা না-থাকা এবং উভয় পক্ষের অভিবাসী নাগরিকদের ভবিষ্যতের বিষয়টি নিয়ে বিতর্কে বারবার থমকে যায় আলোচনা। হাউস অব লর্ডস এবং হাউস অব কমন্সে ব্রেক্সিট বিলের নানা ধরনের কাটছাঁটের দাবি ওঠে। তুমুল বিতর্কের জন্ম দেওয়া সেই বিলটি পার্লামেন্টে একাধিকবার হোঁচট খেলেও শেষ পর্যন্ত কোনো প্রকার সংশোধনী ছাড়াই চূড়ান্তভাবে পাস হয়ে যায়।
এদিকে ব্রেক্সিট কার্যক্রম শুরুর আগের দিন যুক্তরাজ্য থেকে স্বাধীনতার জন্য ফের গণভোট আয়োজনের পক্ষে সমর্থন দিয়েছে স্কটল্যান্ডের পার্লামেন্ট। গত বছরের গণভোটে স্কটল্যান্ডের ৬২ শতাংশ ভোটারই ইউরোপীয় ইউনিয়ন জোট থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার বিপক্ষে মত দেন। তখন থেকেই পুনরায় গণভোটের আলোচনা ওঠে। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ব্রেক্সিট প্রক্রিয়া কার্যকর করার পথে এগিয়ে যাওয়ার প্রেক্ষাপটে স্কটল্যান্ডের জাতীয়তাবাদী ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জনও স্বাধীনতা নিয়ে গণভোটের পক্ষে প্রচার চালিয়ে যাচ্ছিলেন।