ব্রেক্সিট চুক্তি সম্পাদনে শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ
দীর্ঘ দুই বছরের নানা নাটকীয়তা ও বিতর্কের পর এবার বিচ্ছেদ ঘটানোর পালা। সব ঠিকঠাক থাকলে আগামী রোববার ব্রাসেলসে অনুষ্ঠেয় ইইউর বিশেষ সম্মেলনে যুক্তরাজ্যের বিচ্ছেদ কার্যকর করে চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা।
এই চুক্তি নিয়ে ঘোর মতবিরোধ আছে যুক্তরাজ্যে। অন্যদিকে শেষ মুহূর্তে এসে স্পেন ও ফ্রান্স চুক্তির কিছু বিষয়ে আপত্তি তুলেছে। এর ফলে বিরোধ নিরসনে চূড়ান্ত চেষ্টায় ব্যস্ত সময় কাটাচ্ছেন উভয় পক্ষের নেতারা। স্বাক্ষরিত চুক্তি যুক্তরাজ্যের পার্লামেন্ট এবং ইইউ সদস্য দেশগুলোর অনুমোদন পেলে তবেই কার্যকর হবে। ইইউর সঙ্গে যুক্তরাজ্যের এই বিচ্ছেদ ‘ব্রেক্সিট’ নামে পরিচিত।
যুক্তরাজ্যের বিরোধী দল ও ক্ষমতাসীন কনজারভেটিভ দলের অনেক এমপি ব্রেক্সিট চুক্তির বিরোধিতা করে আসছেন। চুক্তির বিরোধিতা করে যুক্তরাজ্যের সদ্য পদত্যাগী ব্রেক্সিট বিষয়কমন্ত্রী ডোমিনিক রাব আজ শুক্রবার বলেন, এমন বিচ্ছেদের চেয়ে ইইউর সঙ্গে থেকে যাওয়াই উত্তম। বরিস জনসন, ইয়ান ডানকান স্মিথসহ প্রভাবশালী ব্রেক্সিটপন্থীরাও শেষ মুহূর্তে চুক্তি পরিবর্তনের জন্য চাপ অব্যাহত রেখেছেন।
অন্যদিকে ভবিষ্যৎ সম্পর্কের রূপরেখার কিছু বিষয়ে আপত্তি তুলেছে স্পেন ও ফ্রান্স। স্পেনের ইইউ-বিষয়ক সেক্রেটারি মার্কো অ্যাগুইরিয়ানো অভিযোগ করে বলেন, স্পেনকে অন্ধকারে রেখে এই রূপরেখা তৈরি হয়েছে। তিনি বলেন, স্পেনের ভূখণ্ডবেষ্টিত ব্রিটিশ উপনিবেশ জিব্রালটারে বিচ্ছেদ–পরবর্তী সম্পর্ক কী হবে, তা স্পেনের মতামতের ভিত্তিতে নির্ধারণ করতে হবে। রূপরেখা সংশোধন করে এটি নিশ্চিত না করলে তাঁরা বিচ্ছেদ চুক্তি আটকে দেওয়ার হুমকি দিয়েছেন। অন্যদিকে বিচ্ছেদের পর যুক্তরাজ্যের সমুদ্রসৈকতে মাছ ধরার অধিকার অক্ষুণ্ন রাখতে এ বিষয়ে আলাদা ঘোষণা দাবি করেছে ফ্রান্স।
ইইউর সদস্য ২৭টি দেশের মধ্যে ২০টি দেশ সমর্থন দিলেই বিচ্ছেদ চুক্তি অনুমোদিত হবে। তবে সর্বসম্মতিক্রমে চুক্তিটি পাস করাতে চান ইইউ নেতারা। যে কারণে স্পেন ও ফ্রান্সের আপত্তি নিরসনে শেষ মুহূর্তে আপ্রাণ চেষ্টা তাঁদের।
অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে আগামী ডিসেম্বরের শুরুতে চুক্তিটি পার্লামেন্টে পাস করিয়ে নিতে এখন থেকেই জোর তৎপরতা শুরু করেছেন। জনমত আদায়ে আজ শুক্রবার তিনি বিবিসি রেডিও ও বিবিসি নিউজ চ্যানেলে হাজির হয়ে চুক্তির পক্ষে নানা যুক্তি তুলে ধরেন। জনগণের প্রশ্নের সরাসরি উত্তর দেন তিনি। এ ছাড়া ব্রেক্সিট–বিরোধী এমপিদের বোঝাতে ‘ওয়ান টু ওয়ান’ বৈঠকের উদ্যোগ নিয়েছে তাঁর কার্যালয়।
চুক্তি অনুযায়ী, ২০১৯ সালের ২৯ মার্চ রাত ১১টায় বিচ্ছেদ কার্যকর হবে। অর্থাৎ ওই সময় থেকে যুক্তরাজ্য আর ইইউর সদস্য থাকবে না। তবে ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত উভয় পক্ষের মধ্যে বর্তমান সম্পর্ক বজায় থাকবে। এই অন্তর্বর্তী সময়ে তারা ভবিষ্যৎ বাণিজ্য ও অন্যান্য আদান-প্রদানের সম্পর্ক নির্ধারণ করবে। তা করতে ব্যর্থ হলে অন্তর্বর্তীকালীন ব্যবস্থার মেয়াদ আরও বাড়ানো যাবে। এই বিচ্ছেদ চুক্তির পাশাপাশি ভবিষ্যৎ সম্পর্ক কেমন হবে, তা নিয়ে ২৬ পৃষ্ঠার একটি রূপরেখায় সম্মত হয়েছে উভয় পক্ষ। তবে এই রূপরেখা আইন দিয়ে সুরক্ষিত নয়। এটি কেবলই ‘রাজনৈতিক ঘোষণা’, যা ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে আলোচনার ভিত্তি হিসেবে কাজ করবে।