ব্রেক্সিট নিয়ে গণভোটের রায় মানতে হবে: থেরেসা মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে গতকাল রোববার বলেছেন, যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়ার বিষয়ে গণভোটের যে রায় হয়েছে, তা পার্লামেন্টকে মানতে হবে। সরকারকেই বিষয়টি বিহিত করতে দিতে হবে।
প্রধানমন্ত্রী থেরেসা মে বলেন, ইইউ ছাড়ার প্রক্রিয়া শুরু করার জন্য পার্লামেন্টের অনুমোদন নেওয়ার বিষয়ে দেশটির উচ্চ আদালতের রায় তিনি মানতে রাজি নন।
গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের উচ্চ আদালত এক রায়ে বলেন, সরকার নয়, পার্লামেন্টকেই ব্রেক্সিট কার্যকরের বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিতে হবে। প্রধানমন্ত্রী থেরেসা মে’র কাছ থেকে এর প্রতিক্রিয়া এল গতকাল। তিনি ভারতে তাঁর প্রথম বাণিজ্য সফরে যাওয়ার আগে এক বিবৃতিতে বলেন, ‘এমপিরা সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত জনগণের হাতে ছেড়ে দিয়েছিলেন। ফলাফল পরিষ্কার। এটি যুক্তিসংগত। গণভোটের ফলাফল নিয়ে আক্ষেপ রয়েছে যেসব এমপি ও পার্লামেন্টের উচ্চকক্ষের সদস্যদের, জনগণের সিদ্ধান্ত তাঁদের মেনে নিতে হবে।’
প্রধানমন্ত্রী থেরেসা মে ক্ষমতায় আসার পর প্রথম দ্বিপক্ষীয় সফরে ভারতে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে, যুক্তরাজ্যের ইইউ থেকে বেরিয়ে যাওয়া বা ব্রেক্সিট সম্পন্ন হওয়ার আগে ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারের জন্য তিনি এই সফরে চেষ্টা চালাবেন। পাশাপাশি তিনি চেষ্টা করবেন তাড়াতাড়ি একটি মুক্তবাণিজ্য চুক্তির পথ সুগম করার।
থেরেসা মে বলেন, ‘দেশের জন্য যেটি সবচেয়ে ভালো সে বিষয়ে আমাদের মন ফেরানো উচিত।’
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ব্রিটিশ সরকারের আবেদনের বিষয়টি আগামী মাসে দেশটির সুপ্রিম কোর্টে সুরাহা হওয়ার কথা রয়েছে। এ ছাড়া থেরেসা মে এ-ও জানিয়েছন যে তিনি আগামী মার্চ মাসের মধ্যে ব্রেক্সিট কার্যকরের বিষয়ে আলোচনা শুরু করতে এখনো রাজি।
গত ২৩ জুন অনুষ্ঠিত গণভোটে যুক্তরাজ্যের নাগরিকেরা অল্প কিছু ভোটের ব্যবধানে ইইউর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পক্ষে রায় দেন। গণভোটের রায় কার্যকর করতে যুক্তরাজ্যকে লিসবন চুক্তির আর্টিকেল-৫০ সক্রিয় করার জন্য ইইউ কমিশনের কাছে আনুষ্ঠানিক আবেদন জানাতে হবে। কিন্তু বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন বলেন, থেরেসা মে একক বাজারে প্রবেশাধিকারের নিশ্চয়তা না দিলে তাঁদের দল আর্টিকেল-৫০ সক্রিয় করতে বাধা দেবে।