ব্রেক্সিট নিয়ে থেরেসার মন্ত্রিসভায় ঐক্যের সুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচ্ছেদের পরও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে চলমান সম্পর্ক টিকিয়ে রাখার পক্ষে মতামত জোরালো হয়েছে যুক্তরাজ্যে। প্রভাবশালী দুই মন্ত্রী-চ্যান্সেলর ফিলিপ হ্যামন্ড এবং আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক মন্ত্রী লিয়াম ফক্স ২০২২ সালের জুন পর্যন্ত চলমান সম্পর্ক বজায় রাখার পক্ষে মত দিয়েছেন।

ব্রেক্সিট (ইইউর সঙ্গে যুক্তরাজ্যের বিচ্ছেদ) কার্যকর করা নিয়ে পরস্পরবিরোধী অবস্থানে থাকা প্রভাবশালী এই দুই মন্ত্রী আজ রোববার টেলিগ্রাফে লেখা এক যৌথ নিবন্ধে এমন মত তুলে ধরেন।

ফিলিপ হ্যামন্ড অর্থনৈতিক স্বার্থকে প্রাধান্য দিয়ে ব্রেক্সিট কার্যকরের পক্ষে। তিনি ‘সফট ব্রেক্সিট’র সমর্থক। অন্যদিকে যেকোনো মূল্যে ব্রেক্সিট বাস্তবায়ন চান লিয়াম ফক্স, যেটি ‘হার্ড ব্রেক্সিট’ বলে পরিচিত। প্রভাবশালী দুই মন্ত্রীর এমন ঐক্যের সুরকে প্রধানমন্ত্রী থেরেসা মের নেতৃত্বের জন্য ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। কেননা ব্রেক্সিট বাস্তবায়ন প্রশ্নে মন্ত্রিসভার বিভাজনের কারণে থেরেসার নেতৃত্ব চ্যালেঞ্জের শিকার হওয়ার ঝুঁকিতে রয়েছে।

চলমান প্রক্রিয়া অনুযায়ী, ২০১৯ সালের মার্চ মাসে ইইউর সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক ছিন্ন হওয়ার কথা। বিচ্ছেদ কার্যকর বিষয়ে উভয় পক্ষ আনুষ্ঠানিক আলোচনা চালিয়ে যাচ্ছে। ইইউ বলেছে, বিচ্ছেদ বিষয়ে দেনা-পাওনার সুরাহা হলেই কেবল ব্রেক্সিট-পরবর্তী সম্পর্ক নিয়ে আলোচনা করবে তারা।

দুই মন্ত্রী তাঁদের নিবন্ধে বলেন, ব্রেক্সিটের প্রকৃত বাস্তবায়নের জন্য যুক্তরাজ্য অবশ্যই ইইউর একক বাজার (সদস্যভুক্ত দেশগুলোর শুল্কমুক্ত বাজার) ও কাস্টমস ইউনিয়ন (যার মাধ্যমে একই শুল্ক হারে ইইউভুক্ত দেশগুলো আন্তর্জাতিক বাণিজ্য করে) ত্যাগ করবে। তবে সম্পর্ক ছিন্ন হওয়া মাত্র যাতে সবকিছু রাতারাতি বদলে না যায়, সে জন্য একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা চালু রাখতে হবে। যাতে ব্যবসায়ীরা নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পান। এই অন্তর্বর্তী ব্যবস্থা ২০২২ সালের জুন মাসে যুক্তরাজ্যের পরবর্তী সাধারণ নির্বাচন পর্যন্ত বর্ধিত হতে পারে বলে মত দেন তাঁরা। তবে ২০১৯ সালের মার্চের পর থেকে যুক্তরাজ্য আর ইইউর সদস্য হিসেবে থাকবে না। যার অর্থ হলো যুক্তরাজ্য ওই সময় থেকেই বিভিন্ন দেশের সঙ্গে স্বাধীনভাবে বাণিজ্য চুক্তি করতে পারবে।

একই দিন লেবার পার্টির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড অবজারভারে লেখা এক নিবন্ধে ভয়াবহ অর্থনৈতিক পরিণতি এড়াতে সব দলের ব্রেক্সিটবিরোধী রাজনীতিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। কট্টর ব্রেক্সিটবিরোধী বলে পরিচিত ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির এমপি অ্যানা সোবরিও ব্রেক্সিটের কঠোর অবস্থান থেকে সরে আসার জন্য থেরেসা মের প্রতি আহ্বান জানান। ইইউর একক বাজার ও কাস্টমস ইউনিয়নের সুবিধা ছাড়তে রাজি নন এসব ব্রেক্সিটবিরোধীরা। ব্রেক্সিট ঠেকাতে মধ্যপন্থী নতুন দল গঠনের পক্ষেও মত দিয়েছেন কোনো কোনো রাজনীতিক।