ব্রেক্সিট নিয়ে নিজ দলের নেতাদের চাপে থেরেসা মে
ব্রেক্সিট নিয়ে নিজের দলেই বিরোধিতার মুখে পড়ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। দলের কয়েকজন নেতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল না করতে অনুরোধ করেছেন থেরেসা মেকে। তাঁর দলের লোকজন বলছেন, আদালতে না যাওয়াই শ্রেয় হবে।
পার্লামেন্টের হাউস অব কমন্সে লিসবন চুক্তির ৫০ নম্বর অনুচ্ছেদ ভোটে দেওয়া হলে ক্ষমতাসীন কনজারভেটিভ দলের বেশ কিছু সংখ্যক এমপি এর বিরুদ্ধে ভোট দেবেন বলে ইঙ্গিত দিয়েছেন।
দলে তিনজন প্রভাবশালী নেতা বলেছেন, সুপ্রিম কোর্টে আবেদন করা হলে লিসবন চুক্তির ৫০ নম্বর অনুচ্ছেদ শুরু করতে বিলম্ব হবে। হাইকোর্ট এই মাসের শুরুর দিকে এক রায়ে বলেছে, লিসবন চুক্তির ৫০ অনুচ্ছেদ কার্যকর করতে হলে পার্লামেন্টের অনুমতি লাগবে। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করার ঘোষণা দিয়েছেন থেরেসা মে।
কনজারভেটিভ পার্টির নেতা ও সরকারের ব্রেক্সিট প্রস্তুতি বিষয়ের সাবেক প্রধান অলিভার লেটউইন, সাবেক অ্যাটর্নি জেনারেল ডমিনিক গ্রিভি এবং সাবেক আইন কর্মকর্তা এডওয়ার্ড গার্নিয়ার বলেন, সুপ্রিম কোর্টে সরকারের আপিল করার মানে হবে লিসবন চুক্তির ৫০ নম্বর অনুচ্ছেদ কার্যকরে দেরি হওয়া।