ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া তথা ব্রেক্সিটের পক্ষে গত ২৩ জুন গণভোটে ব্রিটিশ জনগণ রায় দিলেও তা বাস্তবায়নে এখনো কোনো সার্বিক পরিকল্পনা নেই দেশটির সরকারের। তা ছাড়া এ নিয়ে প্রধানমন্ত্রী থেরেসা মের মন্ত্রিসভায় বিভক্তির কারণে বিষয়টি নিয়ে পরিষ্কার সমঝোতায় পৌঁছাতে আরও ছয় মাস সময় লেগে যেতে পারে।
থেরেসা মে সরকারের জন্য তৈরি ফাঁস হওয়া একটি মেমোতে এসব কথা বলা হয়েছে। ৭ নভেম্বরের তারিখ-সংবলিত মেমোটি হাতে পেয়েছে দ্য টাইমস সংবাদপত্র। এটি তৈরি করেছে প্রধানমন্ত্রী মে ও তাঁর মন্ত্রিসভার সমর্থক পরামর্শক প্রতিষ্ঠান ডেলয়েট।
মেমোতে বলা হয়, ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার প্রচারণার অন্যতম সমর্থক প্রধানমন্ত্রী মে ব্রেক্সিট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন। একই সময় তাঁর জ্যেষ্ঠ মন্ত্রীরা ব্রেক্সিট নিয়ে রীতিমতো দুই মেরুতে অবস্থান করছেন। পাশাপাশি সরকারি চাকরিজীবীদের মধ্যেও চলছে একধরনের অস্থিরতা।
তবে মের মুখপাত্র বলেছেন, এটা ডেলয়েটের একটি অযাচিত মেমো। এটা নিয়ে সরকারের কিছু করার নেই। এর নেই কোনো গ্রহণযোগ্যতাও।
আর প্রতিষ্ঠানটি এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।