ব্রেক্সিট নিয়ে রুলে ক্ষুব্ধ যুক্তরাজ্যের সংবাদমাধ্যম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার (ব্রেক্সিট) প্রক্রিয়া শুরুর ব্যাপারে সরকার নয়, পার্লামেন্টকেই সিদ্ধান্ত নিতে হবে। গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের উচ্চ আদালতের দেওয়া এ রায়ে বেজায় চটেছে দেশটির সংবাদমাধ্যম।
যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদপত্র ডেইলি মেইল গতকাল শুক্রবার তাদের প্রধান সংবাদে রায় ঘোষণা করা তিন বিচারকের ছবি প্রকাশ করে শিরোনামে লিখে দিয়েছে, ‘জনগণের শত্রু’। টেলিগ্রাফ তিন বিচারককে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে প্রধান সংবাদের শিরোনাম করেছে ‘বিচারক বনাম জনগণ’।
ডেইলি এক্সপ্রেস প্রধান খবরের উপশিরোনামে লিখেছে, ‘গতকাল তিন বিচারক ব্রেক্সিট আটকে দিয়েছেন। এবার আপনার দেশের সত্যিই আপনাকে প্রয়োজন...’। এরপর শিরোনাম করেছে, ‘আমাদের অবশ্যই ইইউ থেকে বেরিয়ে যেতে হবে’।
এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, হাইকোর্টের রুলের বিরুদ্ধে করা আপিলের রায় তাঁর সরকারের পক্ষেই যাবে বলে তিনি ‘আত্মবিশ্বাসী’। সেই সঙ্গে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ-ক্লদ জাঙ্কার ও জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলকে স্থানীয় সময় গতকাল সকালে তিনি টেলিফোনে জানিয়েছেন, নির্ধারিত তারিখ অনুযায়ী আগামী মার্চ মাসেই ব্রেক্সিট প্রক্রিয়া শুরুর ব্যাপারে লিসবন চুক্তির আর্টিকেল-৫০ কার্যকর করবেন তিনি।
প্রধানমন্ত্রীর মুখপাত্র বিষয়টি জানিয়ে বলেছেন, ওই দুই নেতাকে টেলিফোনে মে বলেছেন, হাইকোর্টের রুলে তিনি ‘হতাশ’।