ব্রেক্সিট প্রশ্নে থেরেসাকে অবস্থান বদলাতে চাপ

ব্রেক্সিট বাস্তবায়নের কঠোর অবস্থান থেকে সরে আসতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মের প্রতি চাপ বাড়ছে। তাঁর নিজ দল কনজারভেটিভের নেতারাই বলছেন, সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা হারানোর ফলে ঘোষিত রূপরেখা অনুযায়ী ব্রেক্সিট বাস্তবায়ন ঝুঁকিতে পড়েছে। দলটির কেউ কেউ ব্রেক্সিট বাস্তবায়নে সর্বদলীয় কমিটি করারও আহ্বান জানিয়েছেন। তবে প্রধানমন্ত্রী থেরেসা এসবে কান না দিয়ে নির্ধারিত সময়ে ব্রেক্সিট আলোচনা শুরু করবেন বলে জানিয়েছেন।
ব্রেক্সিট (ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ) নিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাজ্যের মধ্যে ১৯ জুন থেকে আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার কথা।
সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও ব্রেক্সিট বাস্তবায়নে নিজের ক্ষমতাকে আরও নিরঙ্কুশ করতে প্রধানমন্ত্রী থেরেসা মে মধ্যবর্তী নির্বাচন দেন। ৮ জুন অনুষ্ঠিত সেই নির্বাচনে থেরেসার কনজারভেটিভ দল উল্টো একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে বসে। মাত্র ১০ আসন জেতা দক্ষিণ আয়ারল্যান্ডের রক্ষণশীল দল ডেমোক্রেটিক ইউনিয়নিস্টস পার্টির (ডিইউপি) সঙ্গে জোট করে সরকার গঠনের ঘোষণা দিলেও আজ বুধবার পর্যন্ত দল দুটি কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি। বিভিন্ন বিষয়ে দল দুটির আদর্শগত গরমিল রয়েছে। ব্রেক্সিট নিয়েও তাদের অবস্থান এক নয়।
থেরেসা মে ব্রেক্সিটের যে রূপরেখা তুলে ধরেন, তাতে ইইউর একক বাজার, কাস্টমস ইউনিয়ন (এটি বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে সব সদস্য দেশের জন্য একক শুল্ক নির্ধারণ করে) এবং ইউরোপিয়ান কোর্টের অধীনতা ত্যাগের ঘোষণা রয়েছে। তিনি ধমকের সূরে সব সময় বলে আসছেন, ইইউর সঙ্গে কোনো খারাপ চুক্তি করার চেয়ে বরং চুক্তি না করেই বের হয়ে আসবেন।
কনজারভেটিভদলীয় সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন গত মঙ্গলবার পোল্যান্ডে দেওয়া এক ভাষণে ব্রেক্সিট প্রশ্নে থেরেসাকে অবস্থান বদলানোর আহ্বান জানিয়ে বলেন, অন্য দলগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে অপেক্ষাকৃত কোমল অবস্থান নেওয়া উচিত। দলটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ একই আহ্বান জানিয়ে ব্রেক্সিট বাস্তবায়নে সর্বদলীয় কমিটি করার পরামর্শ দিয়েছেন। একই দাবি উঠেছে দলটির ইইউপন্থী প্রভাবশালী এমপিদের কাছ থেকেও। তাঁদের দাবি, যুক্তরাজ্যকে ইইউর একক বাজারের সুবিধা ধরে রাখতে হবে। মানবাধিকার, শ্রমিক অধিকার, পরিবেশ রক্ষাসহ ইইউ জোটের ভালো বিষয়গুলো ধরে রেখে ব্রেক্সিট বাস্তবায়ন করতে হবে।
প্রধান বিরোধী দল লেবারের বাণিজ্যবিষয়ক ছায়ামন্ত্রী ব্যারি গার্ডিনার ইনডিপেনডেন্টকে বলেন, সরকার যদি ব্রেক্সিট প্রশ্নে সর্বদলীয় কমিশন করতে চায়, তাহলে সরকারকে অবশ্যই সৎ হতে হবে। থেরেসা যে বলে বেড়াচ্ছেন চুক্তি ছাড়াই বের হয়ে আসবেন, তা বাদ দিয়ে একক বাজার ছাড়ার ক্ষতির কথা স্বীকার করতে হবে।
এদিকে ব্রেক্সিট প্রশ্নে প্রধানমন্ত্রীর সঙ্গে মতভেদকে কেন্দ্র করে গত রোববার ব্রেক্সিটবিষয়ক প্রতিমন্ত্রী জর্জ ব্রিজেস পদত্যাগ করেন। ইইউর ঘোর বিরোধী স্টিভ বেকারকে তাঁর স্থলাভিষিক্ত করেন মে। আবার ব্রেক্সিটবিষয়ক আরেক প্রতিমন্ত্রী ডেভিড জোন্সকে সরিয়ে জয়েস অ্যানিলেকে দায়িত্ব দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর এসব সিদ্ধান্তের বিষয়ে ব্রেক্সিটমন্ত্রী ডেভিড ডেভিস কিছুই জানতেন বলে খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। খবরে বলা হয়েছে, অধীনস্থ চার প্রতিমন্ত্রীর দুজনকে হারিয়ে ক্ষুব্ধ ডেভিড ডেভিস। কারণ, ১২ মাস ধরে ব্রেক্সিট নিয়ে কাজ করার ফলে ওই দুই প্রতিমন্ত্রীর অনেক অভিজ্ঞতা হয়েছিল, যা এখন আবার নতুন করে শুরু করতে হবে।
মঙ্গলবার ফ্রান্স সফরে গিয়ে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁর সঙ্গে সাক্ষাৎ শেষে থেরেসা মে বলেন, ঘোষিত সময়ে তিনি আলোচনা শুরু করতে প্রস্তুত, যা ১৯ জুন শুরু হওয়ার কথা রয়েছে।
তবে বিশ্লেষকেরা বলছেন, মে এখনো সরকার গঠনই নিশ্চিত করতে পারেননি। নতুন সংসদে তাঁর কঠোর অবস্থান টিকে কি না, তা নিয়েও আছে সংশয়। কারণ, সংখ্যাগরিষ্ঠ এমপি কঠোর ব্রেক্সিট নীতির বিপক্ষে। তাই ব্রেক্সিট আলোচনার ভবিষ্যৎ অনিশ্চিত দেখছেন তাঁরা।