
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছেড়ে যাওয়ার (ব্রেক্সিট) সময়সীমা নিয়ে যুক্তরাজ্যের ওপর চাপ বাড়িয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। তিনি জোর দিয়ে বলেছেন, ‘ব্রেক্সিট বাতিল বা বিলম্বিত হতে পারে না এবং যুক্তরাজ্যকে তাঁর সিদ্ধান্তের পরিণামের জের বহন করতে হবে।
ফ্রান্সের উত্তরাঞ্চলে ঐতিহাসিক ‘ব্যাটল অব সম’-এর শতবর্ষ পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে বৈঠকের পর এসব কড়া মন্তব্য করেন ফরাসি প্রেসিডেন্ট ওলাঁদ। প্রথম বিশ্বযুদ্ধকালে সমে জার্মান বাহিনীর বিরুদ্ধে ব্রিটিশ ও ফরাসি সেনাদের ওই রক্তক্ষয়ী লড়াইয়ে বিপুলসংখ্যক প্রাণহানি হয়।
ক্যামেরনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ওলাঁদ বলেন, ‘ব্রেক্সিট নিয়ে এখন পাকাপাকি সিদ্ধান্ত নিতে হবে। এটা বিলম্বিত বা বাতিল করার সুযোগ নেই। এখন তাঁদের (ব্রিটিশদের) পরিণাম ভোগ করতে হবে।’
ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন, ‘ব্রেক্সিট দ্রুত কার্যকর হলে সব অনিশ্চয়তা ও অস্থিরতা, বিশেষত অর্থনৈতিক ক্ষেত্রে এসবের অবসান ঘটানো যাবে। ব্রেক্সিট যত দ্রুত হবে, এ ক্ষেত্রে ততই ভালো হবে।’

ওলাঁদসহ ইউরোপীয় ইউনিয়নের নেতারা যুক্তরাজ্যের জোট ছাড়ার বিষয়টি দ্রুত শুরু করার তাগিদ দিলেও ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরনের উত্তরসূরি হওয়ার প্রতিযোগিতায় এগিয়ে থাকা দুই প্রার্থী বলেছেন, জয়ী হলে এ বছরের শেষ নাগাদের আগে তাঁরা লিসবন চুক্তির ‘আর্টিকেল ফিফটি’ কার্যকর করবেন না। বিধি অনুযায়ী আর্টিকেল ফিফটি কার্যকর করার মাধ্যমেই ব্রেক্সিট প্রক্রিয়া চূড়ান্তভাবে শুরু হবে।