ব্রেক্সিট বাস্তবায়নে পার্লামেন্টের অনুমোদন লাগবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিনা মিলার
জিনা মিলার

সরকার নয়, যুক্তরাজ্যের পার্লামেন্টকেই ইউরোপীয় ইউনিয়ন থেকে দেশটির বেরিয়ে যাওয়ার (ব্রেক্সিট) সিদ্ধান্ত কার্যকরের বিষয়টি অনুমোদন করতে হবে। গত নভেম্বরে দেওয়া যুক্তরাজ্যের হাইকোর্টের এ রায় বহাল রেখেছেন দেশটির সুপ্রিম কোর্ট।
যুক্তরাজ্যের সর্বোচ্চ আদালত সরকারের করা আপিল নাকচ করে গতকাল মঙ্গলবার বলেছেন, সরকার নির্বাহী ক্ষমতার দোহাই দিয়ে এককভাবে ব্রেক্সিট কার্যকরের সিদ্ধান্ত নিতে পারে না। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতার (এমপি) সম্মতি পেলেই কেবল সরকার ইইউ ত্যাগ করতে অনুচ্ছেদ ৫০ (আর্টিকেল ফিফটি) সক্রিয় করতে পারবে।
গণতান্ত্রিক শাসনব্যবস্থায় আইনসভাই যে সার্বভৌম ক্ষমতার অধিকারী—সেই প্রতিষ্ঠিত সত্য সুপ্রিম কোর্টের এ রায়ের মাধ্যমে আরও শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেছেন পর্যবেক্ষকেরা।
যুক্তরাজ্যের জনগণ গত বছরের ২৩ জুন অনুষ্ঠিত গণভোটে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পক্ষে রায় দেন। ইইউ ছেড়ে বেরিয়ে যেতে হলে যুক্তরাজ্যকে ২০০৯ সালে প্রণীত লিসবন চুক্তির আর্টিকেল ফিফটির আওতায় আনুষ্ঠানিকভাবে আবেদন করতে হবে। ওই আবেদনের দুই বছরের মধ্যে ইইউর সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলার বাধ্যবাধকতা রয়েছে।
ইইউর সদস্যপদ ছেড়ে যুক্তরাজ্যের বিচ্ছিন্ন হওয়ার বিষয়টিই ‘ব্রেক্সিট’ নামে পরিচিতি পায়, যা ‘ব্রিটেনের এক্সিট’-এর সংক্ষিপ্ত রূপ।
ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে আগামী মে মাসের মধ্যে ব্রেক্সিট প্রক্রিয়া শুরু করার ঘোষণা দিয়েছেন। কিন্তু তাঁর সরকার ব্রেক্সিট প্রক্রিয়া নিয়ে পার্লামেন্টে আলোচনা করতে অস্বীকৃতি জানায়। সরকার দাবি করে, বিদ্যমান ক্ষমতাবলে মন্ত্রিপরিষদই আর্টিকেল ফিফটি সক্রিয় করবে এবং ইইউর সঙ্গে ব্রেক্সিট-পরবর্তী সম্পর্কের শর্ত নির্ধারণ করবে।
কিন্তু বিরোধী দলসহ ইইউপন্থী এমপিরা বলেন, দেশের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তটি পার্লামেন্টের মাধ্যমেই নিতে হবে। বিষয়টি আদালতে গড়ালে হাইকোর্ট সরকারের অবস্থানের বিপক্ষে রায় দেন। ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে সরকার। বিষয়টির সাংবিধানিক গুরুত্ব ও রাজনৈতিক স্পর্শকাতরতার বিবেচনায় সুপ্রিম কোর্ট ১১ জন শীর্ষ বিচারকের সমন্বয়ে বেঞ্চ গঠন করেন, যা যুক্তরাজ্যে নজিরবিহীন ঘটনা। গত ডিসেম্বরের প্রথম সপ্তাহে চার দিনব্যাপী শুনানি অনুষ্ঠিত হয়। আপিলের রায়ে আটজন বিচারক হাইকোর্টের রায় বহাল রাখার পক্ষে মত দিয়েছেন।
এ রায়ে সরকারের জন্য একটা স্বস্তির বিষয় হলো, ব্রেক্সিট কার্যকরের জন্য দেশটির তিন প্রদেশ স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডের সরকারের অনুমোদন লাগবে না বলে জানিয়েছেন শীর্ষ আদালত। এ রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জন আবার স্বাধীনতার জন্য গণভোটের দরকার হতে পারে বলে মত দিয়েছেন। 

মামলার প্রধান বাদী লন্ডনভিত্তিক একটি বিনিয়োগ প্রতিষ্ঠানের ব্যবস্থাপক জিনা মিলার। তিনি গতকালের রায়ের প্রতিক্রিয়ায় ব্রেক্সিটকে এই প্রজন্মের সবচেয়ে বিতর্কিত বিষয় হিসেবে উল্লেখ করেন। মিলার বলেন, এ রায়ে কোনো রাজনৈতিক বিজয়ের ব্যাপার নেই, এটি সাংবিধানিক প্রক্রিয়ার ব্যাপার। 

সরকারি কৌঁসুলি জেরেমি রাইট বলেন, রায়ে তাঁরা হতাশ। তবে এটি কার্যকরের জন্য সরকার যথাযথ ব্যবস্থা নেবে। যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিনও ইইউ ছাড়তে আর্টিকেল ফিফটি সক্রিয় করতে সরকারকে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। 

সুপ্রিম কোর্টের রায়ও সরকারের বিপক্ষে যাবে, এমনটি আগেই ধারণা করা হয়েছিল। প্রধানমন্ত্রী থেরেসা মে সম্প্রতি ব্রেক্সিটের রূপরেখা জনসমক্ষে তুলে ধরেন। এ সময় তিনি এমপিদের অনুমোদন চাইবেন বলেও জানান।