ব্রেক্সিট বিল নিয়ে আবারও সরকারের পরাজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রেক্সিট বিলে আরও একটি সংশোধনীর পক্ষে ভোট দিয়েছেন ব্রিটিশ সংসদের উচ্চকক্ষ লর্ড সভার সংখ্যাগরিষ্ঠ সদস্য। ফলে মোট দুটি সংশোধনী আনার দাবিতে হাউস অব লর্ডসে আটকে গেল বিলটি। এটি ব্রেক্সিট বিল প্রশ্নে সরকারের দ্বিতীয় পরাজয়।

গত মঙ্গলবার পাস হওয়া সংশোধনী প্রস্তাবে বলা হয়েছে, ব্রেক্সিট (ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া) কার্যকরের ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে নতুন সম্পর্ক নিয়ে সরকার যে সমঝোতায় পৌঁছাবে, তা গণভোটের মাধ্যমে গ্রহণ বা বর্জনের সুযোগ রাখতে হবে। লর্ড সভার ৩৬৬ জন সদস্য প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছেন। বিপক্ষে ভোট দিয়েছেন ২৬৮ জন।
এর আগে ১ মার্চ লর্ড সভা ব্রেক্সিট বিলে ইইউভুক্ত দেশের নাগরিকদের যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিশ্চয়তা চেয়ে সংশোধনী প্রস্তাব পাস করে।
মঙ্গলবারের ভোটাভুটিতে সাবেক ডেপুটি প্রধানমন্ত্রী মাইকেল হ্যাসেলটাইনের নেতৃত্বে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ১৫ জন সদস্য সংশোধনীর পক্ষে ভোট দিয়েছেন। এর প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় মাইকেল হ্যাসেলটাইনকে সরকারের উপদেষ্টার পদ থেকে বহিষ্কার করেছে।
ব্রেক্সিট বিল নামে পরিচিত হলেও এর আনুষ্ঠানিক নাম ‘ইউরোপীয় ইউনিয়ন (উইথড্রয়াল নোটিফিকেশন) বিল’। এই বিলে ব্রেক্সিট প্রক্রিয়া শুরু করতে সংসদের অনুমোদন চেয়েছে সরকার।
এর আগে সংসদের নিম্নকক্ষ হাউস অব কমন্সে কোনো ধরনের সংশোধনী ছাড়াই বিলটি পাস হয়েছিল। এখন উচ্চকক্ষ সংশোধনী চাওয়ায় বিলটি আবারও নিম্নকক্ষে ফেরত যাবে।
সংশ্লিষ্টরা বলছেন, সংশোধনী প্রস্তাব দুটি গ্রহণ না করেই হাউস অব কমন্স থেকে বিলটি পুনরায় উচ্চকক্ষে পাঠানোর চেষ্টা চালাবে সরকার। কেননা, সরকারের কর্তাব্যক্তিরা মনে করেন, অনির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত হাউস অব লর্ডস পুনরায় বিলটির বিপক্ষে ভোট দিয়ে সরকারের পরিকল্পিত ব্রেক্সিট বাস্তবায়নে বাধা দেবে না।
প্রধানমন্ত্রী থেরেসা মে চলতি মার্চ মাসের মধ্যেই ব্রেক্সিট প্রক্রিয়া শুরু করার ঘোষণা দিয়ে রেখেছেন। হাউস অব লর্ডসে বিলটি হোঁচট খাওয়া সত্ত্বেও ব্রেক্সিট কার্যকর বিষয়ে বেশ আত্মবিশ্বাসী সরকার। ঘোষিত সময়ের মধ্যেই ব্রেক্সিট প্রক্রিয়া শুরু করতে পারবে বলে মনে করছে তারা।