ব্রেক্সিটবিরোধী বার্তা দিল যে উপনির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৫ সালের ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভ দলের প্রার্থী হিসেবে জ্যাক গোল্ডস্মিথ বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়েছিলেন। আর গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত উপনির্বাচনে প্রায় দুই হাজার ভোটে লিবারেল ডেমোক্র্যাটস দলের প্রার্থী সারা ওলনির কাছে হেরে গেলেন তিনি। লন্ডনের রিচমন্ড পার্ক অ্যান্ড নর্থ কিংস্টন আসনের এ উপনির্বাচনের ফলাফলকে ব্রেক্সিটপন্থী থেরেসা মে সরকারের প্রতি কঠোর বার্তা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
হিথরো বিমানবন্দরে তৃতীয় রানওয়ে করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে গোল্ডস্মিথ ক্ষমতাসীন দল থেকে পদত্যাগ করেন। শূন্য আসনটিতে অনুষ্ঠিত উপনির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ে নামেন। তাঁর বিপরীতে ক্ষমতাসীন দল কোনো প্রার্থী দেয়নি। হিথরো বিমানবন্দরের শব্দদূষণের শিকার রিচমন্ড এলাকার নবনির্বাচিত এমপি সারা ওলনির অবস্থানও তৃতীয় রানওয়ের বিপক্ষে। তবে দুই প্রার্থীর মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে ব্রেক্সিট ইস্যু।
জ্যাক গোল্ডস্মিথ কট্টর ইইউবিরোধী। গত জুন মাসে অনুষ্ঠিত গণভোটে তিনি ব্রেক্সিটের পক্ষে প্রচার চালিয়েছেন। আর লিবারেল ডেমোক্র্যাটস দল বরাবরই ইইউ ত্যাগের বিরোধী। দলীয় এই অবস্থানকে কাজে লাগিয়েই বিজয় ছিনিয়ে নিয়েছেন সারা ওলনি। তিনি এ ফলাফলকে সরকারের ব্রেক্সিট পরিকল্পনার বিপরীতে ভোটারদের চরম সতর্কবার্তা বলে উল্লেখ করেছেন।