ব্রেক্সিটের নিবন্ধন, ওয়েবসাইটে সাইবার হামলা হয়েছিল?
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থাকা না-থাকার ব্যাপারে যুক্তরাজ্যে অনুষ্ঠিত গত বছরের গণভোটে ভোটার নিবন্ধনের সাইটটি হয়তো ‘সাইবার হামলার’ শিকার হয়েছিল। ব্রিটিশ পার্লামেন্টের একটি কমিটির সদস্যরা এমন ধারণা করছেন।
পার্লামেন্টের সরকারি প্রতিষ্ঠান-সংক্রান্ত কমিটির ‘লেসন লার্নড ফ্রম দ্য ইইউ রেফারেনডাম’ শীর্ষক এক প্রতিবেদনে সম্ভাব্য সাইবার হামলার ব্যাপারে ইঙ্গিত করা হয়েছে। এতে বলা হয়, গণভোটের ভোটার নিবন্ধনের ওয়েবসাইট ‘রেজিস্টার টু ভোট’ গত ৭ জুন হঠাৎ করে ‘ক্র্যাশ’ করে। এর কয়েক ঘণ্টা পরই নিবন্ধনের সময়সীমা শেষ হয়। এটিসহ বিভিন্ন ঘটনা ও তথ্য বিশ্লেষণ করার পর সরকারি প্রতিষ্ঠান-সংক্রান্ত কমিটি বলছে, বিদেশি কোনো হ্যাকার বা হ্যাকার গোষ্ঠীর ওয়েবসাইটটি হ্যাকের চেষ্টার কথা উড়িয়ে দেওয়া যায় না। তবে কমিটির ওই প্রতিবেদন এবং প্রতিবেদনের সঙ্গে প্রকাশ করা প্রমাণাদির কোথাও কেউ সরাসরি বলেননি, ওয়েবসাইটটি হ্যাকের চেষ্টা হয়েছিল।
নিবন্ধনের একেবারে শেষ সময় গত বছরের ৭ জুন স্থানীয় সময় রাতে ক্র্যাশ করে নিবন্ধনের ওয়েবসাইটটি। ব্রিটিশ সরকারের তথ্য অনুযায়ী, ওই দিন ৫ লাখ ২৫ হাজার ভোটার নিবন্ধন করেন।
এদিকে ব্রিটিশ মন্ত্রিপরিষদ কার্যালয় ওয়েবসাইট ক্র্যাশের ব্যাপারে জমা দেওয়া নিজেদের প্রতিবেদনে বলেছে, ‘২০১৬ সালের জুন মাসে ওয়েবসাইটে যে বিভ্রাটের ঘটনাটি ঘটে, তার ব্যাপারে আমরা অত্যন্ত পরিষ্কার। নিবন্ধনের শেষ সময়ে ব্যবহারকারীদের চাপ অতিরিক্ত বেড়ে যাওয়াতেই সে সময় তা ক্র্যাশ করে।’