
যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নতুন নেতা নির্বাচনে সদ্যসমাপ্ত ইইউ গণভোটের কোন পক্ষে কে ছিলেন, সেই প্রসঙ্গ বড় হয়ে উঠছে। টোরি অর্থাৎ কনজারভেটিভ দলনেতার পদপ্রত্যাশীদের অন্তত দুজন বলেছেন, যুক্তরাজ্যের ইইউ ছাড়ার পক্ষে থাকা ব্যক্তিরই দলীয় নেতা হওয়া উচিত।
নেতৃত্বের দৌড়ে এগিয়ে থাকা ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী টেরেসা মে অবশ্য এই দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, প্রধানমন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে জনগণের কাছে ব্রেক্সিটের (যুক্তরাজ্যের জোটত্যাগ) পক্ষ-বিপক্ষ মূল বিবেচ্য বিষয় নয়।
যুক্তরাজ্যের গণভোটে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার পক্ষের দিক বিজয়ী হলেও থেকে যাওয়ার পক্ষে থাকা প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগের ঘোষণা দেন। আগামী অক্টোবরে তিনি পদ ছাড়ছেন। ক্যামেরনের ঘোষণার পরপরই টোরি দলের নেতৃত্ব নিয়ে প্রতিযোগিতা শুরু হয়। মের বিরোধী এন্ড্রিয়া লিডসম ও মাইকেল গোভ বলেছেন, দলের নেতা যিনিই হবেন, তাঁকে অবশ্যই গণভোটে ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষের হতে হবে, কারণ এ পক্ষই ভোটে জিতেছে।
প্রধানমন্ত্রী ক্যামেরনের মতো টেরেসা মেও ইইউতে থেকে যাওয়ার পক্ষে ছিলেন। গণভোটের প্রচারণার সময় তিনি বলেছিলেন, ইইউর সদস্যপদ যুক্তরাজ্যকে অনেক নিরাপদ রেখেছে। তবে গতকাল রোববার আইটিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে মে বলেন, ‘১০ দিন আগে আপনি কোন পক্ষে ছিলেন, সেটি বড় বিচার্য বিষয় নয়।’ স্বরাষ্ট্রমন্ত্রী মে প্রতিশ্রুতি দেন, প্রধানমন্ত্রী হলে তিনি ইইউর পক্ষ ও বিপক্ষের সবাইকে নিয়েই একসঙ্গে দেশ পরিচালনা করবেন। টেরেসা মে বলেন, জনগণ প্রধানমন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে ব্রেক্সিটের পক্ষ বা বিপক্ষের বিষয়কে প্রাধান্য দেয় না। কে সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারবেন, সেটিই তাদের কাছে মূল বিচার্য বিষয়।’
ইইউ থেকে বের হয়ে যাওয়ার পর এই জোটের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্যসংক্রান্ত লেনদেনের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন টেরেসা মে। তিনি এ পর্যন্ত দলীয় এমপিদের সমর্থনের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী গোভ, লিডসম, স্টিফেন ক্র্যাব ও লিয়াম ফক্সের চেয়ে এগিয়ে আছেন। মে বলেছেন, তিনি নির্বাচনে প্রতিযোগিতা চান। দলের সদস্যদের নিজের কথা বলার সুযোগ থাকা উচিত।
যুক্তরাজ্যের ইইউ ছাড়ার পক্ষে থাকার পরও এন্ড্রিয়া লিডসমকে এই ব্রেক্সিট প্রশ্নে সমালোচনা সইতে হচ্ছে। এর কারণ, ২০১৩ সালে তিনি বলেছিলেন, ইইউ ছাড়া হবে যুক্তরাজ্যের জন্য একটি দুর্যোগ। সেই মন্তব্য প্রসঙ্গে লিডসম বলেন, তাঁর এই কথা বলার পর বহু দিন চলে গেছে। কালক্রমে তাঁর মনে হয়েছে ইইউর সংস্কার সম্ভব নয়। আর সে জন্যই তিনি অবস্থান পাল্টান। লিডসম এ-ও বলেন, টোরি দলের নেতা তাঁরই হওয়া উচিত, যিনি ইইউ ত্যাগের গুরুত্ব বুঝতে পারেন।
একই মনোভাব পোষণ করেন বিচারমন্ত্রী গোভ। তবে ক্র্যাব মনে করেন, এভাবে ইইউ ত্যাগের পক্ষ ও বিপক্ষের মধ্যে বিতর্ক চলতে থাকলে গভীর বিভাজন দেখা দেবে।