সন্দেহ নেই, ‘ব্রেক্সিট’ ভোটে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপর যুক্তরাজ্যবাসীর ক্ষোভ ও অনাস্থা প্রকাশিত হয়েছে। নানা দিক থেকে বিচার করলে দেখা যাবে, ইইউর ওপর যুক্তরাজ্যবাসী যতটা না বিরক্ত, তার চেয়ে অনেক বেশি ক্ষুব্ধ দক্ষিণ ইউরোপের গ্রিসের অধিবাসীরা। যুক্তরাজ্যবাসীর চেয়েও ইইউ ত্যাগের ইচ্ছা তাদের এখন অনেক বেশি।
গুঞ্জন উঠেছে, ব্রেক্সিটের মতো ইইউ থেকে গ্রিসের বেরিয়ে যাওয়া নিয়ে এখন ‘গ্রেক্সিট’ নামে কোনো আন্দোলন শুরু হয়ে যায় কি না। যদিও কিছুদিন আগে গুরুতর অর্থনৈতিক সংকটে পড়া গ্রিসকেই ইইউ থেকে বের করে দেওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।
অর্থনীতি পুনরুদ্ধারের জন্য ইইউ এবং আইএমএফের কঠোর শর্তের বেড়াজালে আটকে গ্রিসের জনগণ ও সরকার এখন তিতিবিরক্ত। ইইউর সঙ্গে কঠোর শর্তসংবলিত চুক্তির জেরে বছরের পর বছর ধরে দেশটিতে চলছে গভীর মন্দা ও উচ্চ বেকারত্ব। কিন্তু গ্রিসকে দেনার পাঁক থেকে টেনে তোলার জন্য ইইউ তেমন কিছুই করেনি।
ইইউর তুলনামূলকভাবে কম সমৃদ্ধ সদস্যদেশ গ্রিসে গত ১৮ মাসে এসেছেন ১০ লাখের বেশি শরণার্থী ও অভিবাসী। নাজুক অর্থনীতির মধ্যে এত শরণার্থী সামাল দিতে গিয়ে দেশটিকে মহাবিপাকে পড়তে হয়েছে। গ্রিস এ ক্ষেত্রে ব্রাসেলস এবং ইইউ সদস্যদেশগুলোর সাহায্য চেয়েছে। কিন্তু আশানুরূপ কিছু পায়নি। ফলে দেশটিতে ইইউ-বিদ্বেষ বাড়ছে।
চলতি মাসে পিউ রিসার্চ সেন্টার ইউরোপজুড়ে চালানো এক জরিপের ফল প্রকাশ করেছে। ইইউর প্রতি গ্রিসবাসীর ক্ষোভ এই জরিপের ফলাফলে স্পষ্ট হয়ে উঠেছে। এতে দেখা যায়, জরিপে অংশ নেওয়া ৭১ শতাংশ গ্রিক ইইউ সম্বন্ধে নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেন।
ইয়োন্না কোকা নামের একজন গ্রিকের ভাষায়, ‘আমি মনে করি, তাঁরা (যুক্তরাজ্যবাসী) খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের অন্য দেশগুলোরও একই ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ, প্রতিটি দেশের জন্যই পরিস্থিতি অসহনীয় হয়ে উঠছে।’
কিন্তু গ্রিসের সবাই ইয়োন্না কোকার মতো নয়। দেশটির সরকারসহ অনেকেই এখনো ইইউর সঙ্গে থাকাটাকেই অধিকতর লাভজনক মনে করছে।
তা সত্ত্বেও গ্রিসের ইউরোজোন এবং এরপর একসময় ইইউ ছাড়ার ঝুঁকি রয়েছে। ব্রেক্সিট ভোটের পর পাউন্ডের দাম বলতে গেলে শুয়ে পড়েছে। এথেন্সের পুঁজিবাজারও ধাক্কা খেয়েছে।
গ্রিসের সাংবাদিক ও লেখক ইয়ানিস পালাইয়োলোগোস বলেন, ‘কঠিন কর্মসূচিতে সই করে গ্রিস যেসব জটিলতার মুখে পড়েছে, আমার মনে হয় সেগুলোই তার ইউরোজোন থেকে বের হয়ে যাওয়ার প্রধানতম কারণ হবে।’