ব্রেক্সিটের প্রভাবে বিশ্ব অর্থনৈতিক ঝুঁকি বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদের সিদ্ধান্তের কারণে বিশ্ব অর্থনীতিতে ঝুঁকি বাড়বে। তবে এর প্রভাবে সৃষ্ট অনিশ্চয়তা মোকা​বিলা ও প্রবৃদ্ধি ঠিক রাখতে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন জি-২০ ভুক্ত দেশের অর্থমন্ত্রীরা।

রোববার চীনের দক্ষিণ–পশ্চিমের শহর সেংগুতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে এ কথা জানান বিশ্বের সবচেয়ে বড় ২০ অর্থনীতির দেশের অর্থমন্ত্রীরা। সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারাও যোগ দেন।

এ বৈঠকে এবার অংশ নিয়েছেন যুক্তরাজ্যের নতুন অর্থমন্ত্রী ফিলিপ হ্যামন্ড। ব্রেক্সিটের সিদ্ধান্তের পর দায়িত্ব নিয়েছেন তিনি।

জি-২০ সম্মেলনের খসড়া এক বিবৃতিতে বলা হয়, আস্থা বাড়াতে ও বিশ্ব প্রবৃদ্ধি বাড়ানোর সহায়তায় কার্যকর পদক্ষেপ নেবে বড় অর্থনীতির দেশগুলো। বিবৃতিতে আরও বলা হয়, সাম্প্রতিক উন্নয়নের আলোকে শক্তিশালী, টেকসই ও সুষম প্রবৃদ্ধি অর্জনে সব ধরনের নীতির ব্যবহার করা হবে।
ইইউ থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদের কারণে অনিশ্চয়তা তৈরি হলেও ভবিষ্যতে যুক্তরাজ্য ইইউর একজন ঘনিষ্ঠ সহযোগী হয়ে উঠবে বলে আশা করা হয় বিবৃতিতে।
যুক্তরাজ্য ব্রেক্সিটের সিদ্ধান্ত নিলেও চলতি বছর ও আগামী বছর বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হবে বলে একমত হন জি-২০ সম্মেলনে যোগ দেওয়া নেতারা।