ব্রেসলেট ভেঙে অজ্ঞান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি পণ্য কেনার আগে ক্রেতারা স্বাভাবিকভাবেই তা যাচাই করে দেখেন। কিন্তু অনেক সময় যাচাই করতে গিয়ে তা নষ্ট হয় বা ভেঙে যায়। তখন ক্রেতা ও বিক্রেতার মধ্যে শুরু হয় দাম দেওয়া নিয়ে বচসা। বিক্রেতা ওই পণ্যের দাম আদায় করতে চান, আর ক্রেতারা চান পালিয়ে বাঁচতে।

তবে চীনের ইউনান প্রদেশে ক্রেতা-বিক্রেতার মধ্যে বচসা হয়নি। স্রেফ একটি ব্রেসলেট ভেঙেই অজ্ঞান হয়ে যান জনৈক ক্রেতা। ওই নারী সবুজ রঙের জেড পাথরের তৈরি একটি ব্রেসলেট দেখছিলেন। কিন্তু সেটি হাতে পরে দেখতে গিয়েই ঘটে বিপত্তি। ভেঙে যায় ওই ব্রেসলেট। এরপরই ব্রেসলেটটির দাম সম্পর্কে খোঁজ-খবর শুরু হয়। কারণ ওই দোকানের নিয়ম, কোনো পণ্য ভেঙে ফেললে তার ক্ষতিপূরণ দিতে হয় ক্রেতাকে।

দোকানের বিক্রয়কর্মী জানান, ওই ব্রেসলেটটির দাম ৪৪ হাজার ১১০ ডলার বা ৩ লাখ ইউয়ান। বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় ৩৫ লাখ টাকা। আর তা শুনেই বিবর্ণ হয়ে যায় ওই নারী ক্রেতার মুখ। আশপাশের সবাই তাঁকে শান্ত করার চেষ্টা করলেও কাজ হয়নি। অজ্ঞান হয়ে পড়ে যান তিনি।

এরপর শুরু হয় তাঁর হুঁশ ফেরানোর চেষ্টা। দোকানে থাকা কর্মী ও অন্যান্য ক্রেতারা ঘিরে ধরেন তাঁকে। এনডিটিভির খবরে বলা হয়েছে, শেষে হাসপাতালে নেওয়ার পর জ্ঞান ফেরে তাঁর। ওই দোকানের একজন মালিক লিন ওয়েই বলেন, ‘হঠাৎ করে মানসিক আঘাত পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন তিনি। তবে হাসপাতালে জরুরি চিকিৎসা দেওয়ার পর জ্ঞান ফিরেছে তাঁর।’

সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, দোকানের মালিকেরা এখন ওই নারী ক্রেতার সঙ্গে মধ্যস্থতার চেষ্টা করছেন। তাঁর আর্থিক সামর্থ্য বিবেচনায় নিয়ে ক্ষতিপূরণের অঙ্ক নির্ধারণের চেষ্টা চলছে। এ ঘটনায় পুলিশকে জড়ানো হয়নি।

সর্বশেষ খবরে জানা যায়, ওই নারীর পরিবার ৭০ হাজার ইউয়ান পরিশোধ করতে রাজি হয়েছে।