
সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের কাছে নথি সরবরাহের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় শ্রেণিভুক্ত তথ্য ফাঁসের দায়ে দোষী সাব্যস্ত সেনা ব্র্যাডলি ম্যানিংকে ৩৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রয়টার্স জানায়, আজ বুধবার দেশটির এক আদালত এ আদেশ দেন।
গত মাসে গুপ্তরচরবৃত্তি ও চুরিসহ ২০টি অভিযোগে ম্যানিংকে দোষী সাব্যস্ত করেন মামলার বিচারক কর্নেল ডেনিস লিন্ড। তিনি ম্যানিংকে ৯০ বছরের কারাদণ্ডাদেশ দিতে পারতেন। যদিও মামলার কৌঁসুলিরা তাঁর ৬০ বছর কারাদণ্ড চেয়েছিলেন।
বিচারক লিন্ড বলেন, ২৫ বছর বয়সী ম্যানিংকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী থেকে পদাবনতি করা হবে। একই সঙ্গে তাঁকে আরও শাস্তি পেতে হবে। তাঁর পদমর্যাদা প্রাইভেট থেকে নামিয়ে প্রাইভেট ফার্স্ট ক্লাস করা হবে।
লিন্ড আরও বলেন, এক-তৃতীয়াংশ সাজা পাওয়ার পর প্যারোলে মুক্তি পাওয়ার আবেদন করতে পারবেন ম্যানিং।
২০১০ সালে উইকিলিকসকে সাত লাখের বেশি শ্রেণিভুক্ত নথি, যুদ্ধক্ষেত্রের ভিডিও ও কূটনৈতিক তারবার্তা সরবরাহ করেন ম্যানিং। সে সময় বিষয়টি সারা বিশ্বেই আলোচিত হয়।
আসামিপক্ষের আইনজীবীরা ম্যানিংয়ের জন্য সুনির্দিষ্ট সাজার আবেদন করেননি। তবে যৌবনকাল থেকে ম্যানিংকে বঞ্চিত না করতে লিন্ডের প্রতি আবেদন জানান তাঁরা।
২০১০ সালে বাগদাদে অধস্তন গোয়েন্দা বিশ্লেষক হিসেবে কাজ করার সময় উইকিলিকসে নথি সরবরাহ করেছিলেন ম্যানিং। শ্রেণিভুক্ত ওইসব তথ্য বিশ্বের অনেককে তাড়িত করে। এর একটি ছিল ২০০৭ সালের যুক্তরাষ্ট্রের অ্যাপাচি হেলিকপ্টার থেকে বাগদাদে বিদ্রোহীদের ওপর গুলিবর্ষণের ভিডিও। ওই গুলিবর্ষণে বিপুলসংখ্যক নিহত মানুষের মধ্যে রয়টার্সের দুজন সংবাদকর্মীও ছিলেন। উইকিলিকস ওই হত্যাকে ‘নির্বিচার খুন’ আখ্যা দেয়।
ম্যানিংয়ের ওই তথ্য ফাঁসের ঘটনাটি ইন্টারনেটের যুগে তথ্য গোপন রাখা যে কষ্টসাধ্য, তা স্পষ্ট করে। তাঁর ওই কাণ্ড যুক্তরাষ্ট্র সরকারের একাংশের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করে। তাঁদের দাবি, ম্যানিং যুক্তরাষ্ট্রের জনগণের জীবন বিপন্ন করেছেন। আর বিরোধীদের দাবি, তথ্য ফাঁস করে ম্যানিং যথোচিত কাজ করেছেন।