সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসকে গোপন সরকারি নথি সরবরাহের সন্দেহে গ্রেপ্তার হওয়া মার্কিন সেনা ব্র্যাডলি ম্যানিংয়ের বিরুদ্ধে আরও ২২টি নতুন অভিযোগ আনা হয়েছে। গত বুধবার মার্কিন সেনা কর্তৃপক্ষ এসব অভিযোগ আনে। এর মধ্যে শত্রুকে সহযোগিতা করার অভিযোগ রয়েছে। এই অভিযোগে আদালতে দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সেনা কৌঁসুলিরা চান না অভিযুক্ত হলে ম্যানিংয়ের মৃত্যুদণ্ড হোক। সে ক্ষেত্রে ২৩ বছর বয়সী ম্যানিংয়ের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ হতে পারে। ইরাকে নিম্নপদের গোয়েন্দা বিশ্লেষক হিসেবে কাজ করতেন ম্যানিং। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগে উল্লেখ করা হয়, তিনি পরোক্ষভাবে মার্কিন গোয়েন্দা তথ্য শত্রুপক্ষের কাছে হস্তান্তর করেন। এর আগে ম্যানিংয়ের বিরুদ্ধে ১২টি অভিযোগ আনা হয়। এর মধ্যে রয়েছে অপরাধে জড়িত হওয়ার ও সামরিক আইন লঙ্ঘনের অভিযোগ।পেন্টাগন অবশ্য এখনো উইকিলিকস ওয়েবসাইটকে তথ্য দেওয়ার ব্যাপারে ম্যানিংয়ের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আনতে পারেনি। আদালতে দাখিল করা অভিযোগে বলা হয়, তিনি অবৈধভাবে হাজার হাজার সরকারি নথি ডাউনলোড করে তা অনৈতিকভাবে ইন্টারনেটে প্রকাশের সুযোগ দেন। ম্যানিং এটি জানতেন যে এসব তথ্য ইন্টারনেটে প্রকাশিত হলে তা শত্রুপক্ষ জেনে ফেলবে। গত কয়েক মাসে উইকিলিকস এসব গোপন মার্কিন সেনা তথ্য ও কূটনৈতিক তারাবার্তা প্রকাশ করে মার্কিন কর্মকর্তা ও বিশ্বের কূটনীতিকদের খেপিয়ে তোলেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সহযোগীরা অভিযোগ করেন, উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ এসব নথি ও তারবার্তা ফাঁস করে তাঁদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছেন। ব্র্যাডলি ম্যানিং এখন ভার্জিনিয়া অঙ্গরাজ্যের সামরিক কারাগারে আছেন। তিনি ছয় লাখ ২০ হাজার সেনা তথ্য ও কূটনৈতিক তারবার্তা প্রকাশ করেন। ম্যানিং ২০০৭ সালে সেনাবাহিনীতে যোগ দেন। গত মে মাসে তাঁর বিরুদ্ধে প্রথম ১২টি অভিযোগ আনা হয়। অ্যাসাঞ্জের আপিলের আবেদন: যুক্তরাজ্যের আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন করেছেন জুলিয়ান অ্যাসাঞ্জের আইনজীবীরা। তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা রয়েছে সুইডেনের আদালতে। এ ব্যাপারে করা একটি মামলায় যুক্তরাজ্যের আদালত তাঁকে সুইডেনে প্রত্যর্পণের নির্দেশ দেন। যুক্তরাজ্যের আদালতের একজন কর্মকর্তা বলেন, অ্যাসাঞ্জের আইনজীবীদের কাছ থেকে তাঁরা আপিলের আবেদন পেয়েছেন। তবে এ ব্যাপারে এখনো শুনানির দিন ঠিক হয়নি। এএফপি, বিবিসি।