ব্লগার বেহেস্তির মৃত্যুর ঘটনা তদন্ত করবে ইরানের পার্লামেন্ট
ব্লগার সাত্তার বেহেস্তির কারাগারে মৃত্যুর ঘটনা তদন্ত করবে ইরানের পার্লামেন্ট। গতকাল রোববার এ ঘোষণা দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ও ফেসবুকের মাধ্যমে জাতীয় নিরাপত্তা পরিপন্থী কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত থাকার অভিযোগে গত ৩০ অক্টোবর বেহেস্তিকে (৩৫) গ্রেপ্তার করা হয়। পুলিশ গত বুধবার তাঁর পরিবারকে জানায়, তিনি মারা গেছেন। অভিযোগ উঠেছে, নির্যাতন করে বেহেস্তিকে হত্যা করা হয়েছে। ইরানের এমপি ও মানবাধিকারকর্মীরা এ ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন। যুক্তরাষ্ট্র বলেছে, বেহেস্তিকে নির্যাতন করে হত্যার খবরে তারা ‘মর্মাহত’।পার্লামেন্টের ডেপুটি স্পিকার মোহাম্মদ হাসান আবুতোরাবিফার্দ বলেন, জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতিবিষয়ক সংসদীয় কমিটি ঘটনাটির তদন্ত করবে। তিনি বলেন, কমিটিকে এরই মধ্যে বিষয়টি সম্পর্কে জানানো হয়েছে। তদন্ত প্রতিবেদনের ফল পার্লামেন্ট ও জাতির কাছে তুলে ধরা হবে। এর আগে প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের কট্টর সমালোচক হিসেবে পরিচিত এমপি আহমাদ তাভাকোলি এ ঘটনায় সরকারের নীরব ভূমিকার সমালোচনা করেন। তিনি বলেন, ‘অবশ্যই এই ঘটনার ব্যাখ্যা দিতে হবে।’ বিবিসি।