মার্কিন ডুবোজাহাজ ব্লুফিন-২১ ভারত মহাসাগরের তলদেশে নির্ধারিত এলাকার দুই-তৃতীয়াংশ অনুসন্ধান চালিয়েও মালয়েশিয়ার নিখোঁজ উড়োজাহাজের কোনো আলামত খুঁজে পায়নি। গতকাল সোমবার নবমবারের মতো সাগরতলে অভিযান চালায় ব্লুফিন।
অস্ট্রেলিয়ার জয়েন্ট এজেন্সি কো-অর্ডিনেশন সেন্টার (জেএসিসি) থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, উড়োজাহাজের খোঁজে গতকাল ১০টি সামরিক বিমান ও ১১টি জাহাজ অংশ নেয়। আর মার্কিন নৌবাহিনীর ডুবোজাহাজ ব্লুফিন গতকাল নির্ধারিত অনুসন্ধান এলাকার তিন ভাগের দুই ভাগে তল্লাশি চালায়। কিন্তু কোনো আলামত পায়নি।
জেএসিসি জানায়, চলতি মাসে নিখোঁজ উড়োজাহাজের ব্ল্যাক বক্সের সংকেত পাওয়ার যে কথা বলা হয়েছিল, সেই জায়গাটিকে কেন্দ্র মেনে ১০ কিলোমিটার ব্যাসার্ধ ধরে অনুসন্ধান শুরু করে ব্লুফিন। সেই অভিযানের নবম দিনে গতকাল নির্ধারিত এলাকার দুই-তৃতীয়াংশ এলাকায় তল্লাশি শেষ করেছে ডুবোজাহাজটি। এই অভিযানে সাগরের ১৩ হাজার ফুটেরও বেশি গভীরতায় অনুসন্ধান চালাচ্ছে ব্লুফিন।
মালয়েশিয়া এয়ারলাইনসের বোয়িং ৭৭৭-২০০ইআর উড়োজাহাজটি ২৩৯ জন আরোহী নিয়ে গত ৮ মার্চ নিখোঁজ হয়।
মালয়েশিয়ার বিমানের জরুরি অবতরণ: মালয়েশিয়ার একটি উড়োজাহাজের চাকা ফেটে যাওয়ায় এটি গতকাল জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। এটি কুয়ালালামপুর থেকে ১৬৬ জন যাত্রী নিয়ে ভারতের বেঙ্গালুরু যাচ্ছিল। মালয়েশিয়া এয়ারলাইনস জানায়, নিরাপত্তার কথা বিবেচনা করে উড়োজাহাজটি জরুরি অবতরণে বাধ্য হয়েছে। বিবিসি ও এএফপি।