ব্লেয়ারের উদ্দেশে ওয়েন্ডির প্রেম-চিরকুট

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের দেহসৌষ্ঠবের প্রেমে পড়েছিলেন ‘মিডিয়া মুঘল’ হিসেবে খ্যাত রুপার্ট মারডকের সাবেক স্ত্রী ওয়েন্ডি ডেং। ব্লেয়ারের দোর্দণ্ড প্রতাপ ও তীক্ষ ধীশক্তিসম্পন্ন নীল চোখ জোড়াও বিমোহিত করত তাঁকে।
সম্প্রতি টনি ব্লেয়ারকে নিয়ে লেখা ওয়েন্ডি ডেংয়ের বিশেষ একটি প্রেমের চিরকুট ফাঁস করেছে যুক্তরাজ্যের ‘ভ্যানিটি ফেয়ার’ সাময়িকী। ওই চিরকুট থেকে এসব তথ্য উঠে এসেছে। আজ শুক্রবার টাইমস অব ইন্ডিয়ার খবরে এসব কথা জানানো হয়।
ওই চিরকুটে ওয়েন্ডি লিখেছেন, ‘টনিকে এত মনে পড়ছে কেন। কারণ তিনি ভালো লাগার মানুষ এবং তাঁর বেশবাসও খুব সুন্দর। তাঁর শরীরটাও সুগঠিত। তিনি কৃশকায়, লম্বা, ত্বক সুন্দর। তাঁর অন্তর্ভেদী নীল চোখ দুটোকে আমি পছন্দ করি। মঞ্চে তাঁর দাপটও আমি পছন্দ করি।’
চীনা বংশোদ্ভূত মার্কিন ব্যবসায়ী ওয়েন্ডি ডেং রুপার্ট মারডকের তৃতীয় স্ত্রী। তাঁদের দুই কন্যাসন্তান রয়েছে। গত বছর এ দম্পতির ১৪ বছরের বিবাহিত জীবনের ইতি ঘটে। ব্লেয়ারের সঙ্গে ওয়েন্ডির সম্পর্কের জের ধরেই এ বিচ্ছেদ ঘটে থাকতে পারে বলে গুজব রয়েছে।