ব্ল্যাক বক্স তল্লাশিতে যোগ দিল যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়া এয়ারলাইনসের নিখোঁজ উড়োজাহাজের ব্ল্যাক বক্সের খোঁজে সাগরের নিচে গতকাল শুক্রবার তল্লাশি শুরু করেছে যুক্তরাষ্ট্র। ব্ল্যাক বক্সের সংকেত শনাক্ত করতে সক্ষম যন্ত্র নিয়ে দুটি জাহাজ সাগরের নিচে ২৬০ কিলোমিটার এলাকায় অনুসন্ধান চালাচ্ছে। উড়োজাহাজটির ব্ল্যাক বক্সের সংকেত পাঠানোর সর্বোচ্চ সময়সীমা শিগগিরই শেষ হতে চলেছে বলে আশঙ্কা করা হচ্ছে। উড়োজাহাজটির খোঁজে অনুসন্ধান অভিযান জোরদার করা হলেও মালয়েশিয়ার বিরোধী দলের নেতা আনোয়ার ইব্রাহিম বলেছেন, তিনি বিশ্বাস করেন, উড়োজাহাজের ভাগ্য সম্পর্কে সরকার অনেক তথ্যই জানে। কিন্তু তা জনসমক্ষে প্রকাশ করছে না। উড়োজাহাজটির ব্ল্যাক বক্সের পাঠানো সংকেত পড়তে সক্ষম অস্ট্রেলিয়ার নৌবাহিনীর বিশেষ জাহাজও তল্লাশি অভিযানে রয়েছে। ভারত মহাসাগরে চক্কর দিচ্ছে অন্তত ১৪টি বিমান। গত ৮ মার্চ মধ্যরাতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে চীনের বেইজিং শহরে যাওয়ার পথে ২২৭ জন যাত্রীসহ মোট ২৩৯ আরোহী নিয়ে নিখোঁজ হয় ওই উড়োজাহাজটি। যাত্রীদের মধ্যে ১৫৩ জনই ছিলেন চীনের নাগরিক। ঘটনার পর প্রায় এক মাস হতে চলল। নানাভাবে চেষ্টা করেও ওই নিখোঁজ রহস্যের কোনো কিনারা হয়নি। তল্লাশি নিয়ে মালয়েশিয়ার বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ তুলেছেন চীনা যাত্রীদের আত্মীয়রা। আটটি দেশের যৌথ তল্লাশির সমন্বয়ক অস্ট্রেলিয়ার সাবেক সেনাপ্রধান বলেন, ‘ব্ল্যাক বক্স থেকে সর্বোচ্চ এক মাস পর্যন্ত সংকেত পাওয়া যায়। আমরা এই সময়সীমার খুব কাছাকাছি পৌঁছে গেছি।’ মালয়েশিয়া কর্তৃপক্ষ মনে করে, উড়োজাহাজটি অস্ট্রেলিয়ার অনেক পশ্চিমে ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে। এএফপি।