চীনের কর্তৃপক্ষ বলেছে, তাদের একটি উদ্ধারকারী জাহাজ ভারত মহাসাগরের দক্ষিণাংশে উড়োজাহাজের ব্ল্যাক বক্সের সংকেতের মতো শব্দ শনাক্ত করেছে। এটি নিখোঁজ মালয়েশীয় উড়োজাহাজের হতে পারে।
মালয়েশীয় উড়োজাহাজটির খোঁজে গতকাল শনিবার থেকে ভারত মহাসাগরে আরও ব্যাপক আকারে অনুসন্ধান শুরু হয়েছে। তল্লাশিতে এখন এর ‘ব্ল্যাক বক্স’ খুঁজে বের করার ওপর জোর দেওয়া হচ্ছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে গতকাল শনিবার রাতে বলা হয়েছে, হেক্সিয়াম জিরো ওয়ান নামের জাহাজটি ৩৭ দশমিক ৫ কিলোহার্টজের শব্দ শনাক্ত করেছে। আর ওই সংকেত শনাক্ত হয় ভারত মহাসাগরের ২৫ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এবং ১০১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ এলাকায়। তবে চীনা কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ওই সংকেতটি নিখোঁজ বিমানের ব্ল্যাক বক্সেরই কি না, এটি নিশ্চিত নয়।
মালয়েশীয় বোয়িং বিমানটি নিখোঁজ হওয়ার পর প্রায় এক মাস পেরিয়ে গেছে। এখন ১০টি সামরিক বিমান, তিনটি বেসামরিক বিমান ও ১১টি জাহাজ দিয়ে অস্ট্রেলিয়ার পার্থ থেকে এক হাজার ৭০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভারত মহাসাগরের দুই লাখ ১৭ হাজার বর্গকিলোমিটার এলাকাজুড়ে অনুসন্ধান করা হচ্ছে। বিমানটি সাগরের ওই অঞ্চলেই বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করছেন তদন্তকারীরা।
এদিকে নিখোঁজ বিমানটি অনুসন্ধানে অস্ট্রেলিয়ান সংস্থার প্রধান সমন্বয়কারী অবসরপ্রাপ্ত বিমানবাহিনীর প্রধান অ্যানগাস হিউজটন বলেন, ‘আমরা তল্লাশি অব্যাহত রাখব। বিমানের অনেক কিছু থাকে, সেগুলো ভাসমান অবস্থায় থাকতে পারে।’
গত ৮ মার্চ মধ্যরাতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে চীনের বেইজিংয়ের উদ্দেশে যাত্রার পর নিখোঁজ হয় বিমানটি। বিমানটিতে ক্রুসহ মোট আরোহী ছিলেন ২৩৯ জন। তাঁদের বেশির ভাগ চীনের নাগরিক।
নিখোঁজ বিমানটির রহস্যের কূলকিনারা না হওয়ায় ব্যাপক সমালোচনা ও চাপের মুখে আছে মালয়েশিয়া। এএফপি ও রয়টার্স।