ব্ল্যাকওয়াটারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে ইরাক
ইরাকের রাজধানী বাগদাদে বেসরকারি মার্কিন নিরাপত্তা সংস্থা ব্ল্যাকওয়াটারের নিরাপত্তাকর্মীদের গুলিবর্ষণে বেশ কয়েকজন ইরাকি নাগরিকের হতাহতের ঘটনায় নিরাপত্তা সংস্থাটির বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে ইরাক সরকার। এ জন্য নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের স্বাক্ষর সংগ্রহ করা হচ্ছে। খবর বিবিসির।ইরাকি প্রধানমন্ত্রী নুরি আল-মালিকির কার্যালয় থেকে বলা হয়েছে, এ ধরনের কয়েকটি ঘটনার জন্য ক্ষতিপূরণ চাইবে সরকার।২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর বাগদাদের নিসর স্কয়ারে ব্ল্যাকওয়াটার-কর্মীদের গুলিতে ১৭ জন বেসামরিক ইরাকি প্রাণ হারান। আহত হন আরও অনেকে।গত মাসে ওই হত্যাকাণ্ডের ঘটনায় ব্ল্যাকওয়াটারের পাঁচ নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে অভিযোগ খারিজ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। আদালতের ওই রায়কে ‘দুঃখজনক’ হিসেবে বর্ণনা করেছেন ইরাকি কর্মকর্তারা। রায়ের পর ক্ষোভ প্রকাশ করে ইরাকি সরকার বেশ কয়েকটি বিবৃতি দেয়। দোষীদের বিচারের মুখোমুখি করার জন্য কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে সরকার।