ব্ল্যাকওয়াটারের সেই প্রিন্স ইরাক ছেড়ে সোমালিয়ায়
ইরাকে সাধারণ জনগণকে নির্বিচারে হত্যার জন্য চরম সমালোচিত সেই মার্কিন বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান ব্ল্যাকওয়াটারের প্রতিষ্ঠাতা এরিক প্রিন্স এবার ঘাঁটি গেড়েছেন যুদ্ধবিধ্বস্ত আফ্রিকান দেশ সোমালিয়ায়। জলদস্যু ও ইসলামি জঙ্গিদের মোকাবিলার সক্ষমতা বাড়াতে সোমালিয়ার সেনাবাহিনীর একটি দলকে প্রশিক্ষণ দেবে তাঁর বাহিনী।সোমালিয়ায় প্রিন্সের কাজ পাওয়ার বিষয়টি প্রথম জানাজানি হয় গত শুক্রবার। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে ফাঁস হওয়া গোয়েন্দা প্রতিবেদন থেকে জানা যায়, দক্ষিণ আফ্রিকার আরেকটি বেসরকারি নিরাপত্তা সংস্থা সারাসেন ইন্টারন্যাশনালের সঙ্গে এ কাজ করবে প্রিন্সের বাহিনী। দক্ষিণ আফ্রিকার একসময়কার শ্বেতাঙ্গ সংখ্যালঘু সরকারের হয়ে বিরোধীদের হত্যার ঘটনায় সমালোচিত সিভিল কো-অপারেশন ব্যুরোর সাবেক এক কর্মকর্তার নেতৃত্বেই পরিচালিত হয় সারাসেন ইন্টারন্যাশনাল।সোমালিয়ায় কাজ করার জন্য প্রিন্সের প্রাপ্য পরিশোধ করবে সংযুক্ত আরব আমিরাতসহ সোমালিয়ার প্রতিবেশী আরও কয়েকটি দেশ।মার্কিন প্রশাসনের সঙ্গে চুক্তির ভিত্তিতে ইরাকে কাজ পায় ব্ল্যাকওয়াটার। কিন্তু সেখানে বিতর্কিত কর্মকাণ্ডে বিশেষ করে প্রতিহিংসাপরায়ণ হয়ে বেসামরিক লোকজনকে বিনা অপরাধে গুলি করে হত্যা করে বেকায়দায় ফেলে দেয় মার্কিন সরকারকে। বিশ্বজুড়ে হইচই পড়ে যায়। এর পরিপ্রেক্ষিতে মার্কিন নৌবাহিনীর সাবেক সদস্য প্রিন্স দ্রুত নিজের প্রতিষ্ঠানের নাম বদলিয়ে ব্ল্যাকওয়াটারকে করে ফেলেন ‘এক্সই সার্ভিস’।গত কয়েক বছর ধরে আবুধাবিতে বসবাস করছেন প্রিন্স। সংযুক্ত আরব আমিরাতের সরকারের সঙ্গে তাঁর বেশ ঘনিষ্ঠতা তৈরি হয়েছে এবং তিনি আইনি দিক দিয়ে কিছুটা নিরাপদ বোধ করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের শিথিল আইনি ব্যবস্থার কারণে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া কঠিন হবে।ফাঁস হওয়া গোপন গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী, প্রিন্স তাঁর অর্থ ব্যয় করে সোমালিয়ায় সারাসেন ইন্টারন্যাশনালের জন্য ওই কাজ বাগিয়ে নিয়েছেন। তবে প্রিন্সের এক মুখপাত্র দাবি করেছেন, ওই কাজের সঙ্গে প্রিন্সের অর্থের কোনো সংশ্লিষ্টতা নেই। মার্ক কোরাল্লো নামের ওই মুখপাত্র বলেন, ‘এটা সবাই জানে যে সোমালিয়ার জলদস্যুতা মোকাবিলায় বহু দিন ধরে তাঁর (প্রিন্স) ইচ্ছা ছিল কিছু করার। এ জন্য তিনি বিভিন্ন সময় নানাবিধ পরামর্শও দিয়েছেন।’তবে সোমালিয়ায় প্রিন্স কী করবেন আর না করবেন সে যাই হোক না কেন, এর ফলে বেসরকারি নিরাপত্তা বাহিনীর কর্মকাণ্ড নিয়ে আবার জোরেশোরে আলোচনা শুরু হবে। সমালোচকদের মতে, এ ধরনের বাহিনী ইচ্ছামাফিক গোলাগুলিতেই বেশি আগ্রহী এবং তাঁদের জবাবদিহিতার বিষয়টিও খুবই শিথিল।জলদস্যুরা প্রায় জিম্মি করে ফেলেছে সোমালিয়া সরকারকে। একই সঙ্গে আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট জঙ্গি প্রতিষ্ঠান আল সাহাবও সেখানে লড়াই করে যাচ্ছে। দেশের একটি বড় অংশ সরকারের নিয়ন্ত্রণের বাইরে। জাতিসংঘ শান্তিরক্ষীদের সহযোগিতা নিয়ে কোনো রকমে টিকে আছে সরকার। এমন একটি দেশের ব্ল্যাকওয়াটারের সেই প্রিন্সের তৎপরতার পরিণাম কী দাঁড়ায় সেটাই দেখার বিষয়। ইনডিপেন্ডেন্ট।