বড় দমন অভিযানের আশঙ্কা সিরিয়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার হোমস শহরে গত বৃহস্পতিবার রাতে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ৪৪ জন নিহত হয়েছে। অন্যান্য শহরেও বড় ধরনের অভিযানের আশঙ্কা করছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরোধীরা। জাতিসংঘের সাবেক মহাসচিব ও বর্তমান দূত কফি আনান সিরিয়া সফরের প্রাক্কালে দেশটির সমস্যা সমাধানে সরকার ও বিরোধীদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। তবে বিরোধীরা সরকারের সঙ্গে কোনো ধরনের আলোচনার সম্ভাবনা নাকচ করেছে।এদিকে সিরিয়া বিষয়ে জাতিসংঘের নতুন খসড়া প্রস্তাবকে ‘ভারসাম্যহীন’ বলে আখ্যা দিয়েছে রাশিয়া। আর চীন সিরিয়ার বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে সৌদি আরব, মিসর ও ফ্রান্সে দূত পাঠিয়েছে। প্রেসিডেন্ট আসাদবিরোধী স্থানীয় সমন্বয় কমিটি (এলসিসি) দাবি করেছে, বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৪৪ জনের মধ্যে ২০ জনই একই পরিবারের সদস্য। হোমসের জোবার জেলায় এ অভিযান চালানো হয়। এলসিসি জানায়, আসাদবিরোধীদের কাছ থেকে হোমসে নিয়ন্ত্রণ পুরোপুরি নেওয়ার পরে নিরাপত্তা বাহিনী পাল্টা জবাব হিসেবে এ অভিযান চালিয়েছে।নিরাপত্তা বাহিনীর এই অভিযান ও নিহতদের সংখ্যার বিষয়টি নিরপেক্ষ কোনো সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি। সিরিয়ায় আন্তর্জাতিক গণমাধ্যমের প্রবেশে বিধিনিষেধ রয়েছে।জাতিসংঘের মানবকল্যাণ-বিষয়ক প্রধান ব্যারোনেস ভ্যালেরি আমোস হোমস পরিদর্শনের পর পরিস্থিতি সম্পর্কে বলেন, হোমসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আর বাবা আমর শহর দেখে মনে হয়েছে, এটি অচল করে দেওয়া এক শহর।সিরিয়ান রেভল্যুশন জেনারেল কমিশনের নেতা মিলাদ ফাদল জানান, তুরস্ক সীমান্তে ইদলিব প্রদেশে নতুন করে ট্যাংক ও সেনা মোতায়েন করা হয়েছে, যা ইদলিবসহ অন্যান্য শহরেও বড় ধরনের অভিযানের আশঙ্কা সৃষ্টি করেছে। এতে ইদলিবের বাসিন্দারা পালাতে শুরু করেছে। দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বৃহস্পতিবার ইদলিবের চারটি গ্রামে অভিযান চালানো হয়।জাতিসংঘ ও আরব লিগের দূত হিসেবে সিরিয়া সফরের আগে গত বৃহস্পতিবার মিসরের রাজধানী কায়রোয় আনান বলেন, তিনি সিরিয়া সংকট সমাধানে ‘রাজনৈতিক প্রক্রিয়া’ শুরু করেছেন। তাঁর মতে, কেউই শক্তি প্রয়োগ করে এ সমস্যার সমাধান চায় না। এ সময় তিনি উভয় পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানান। আনানের এই আহ্বান নাকচ করে দিয়ে সিরিয়ান ন্যাশনাল কাউন্সিলের (এসএনসি) নেতা বুরহান ঘালিয়ুন বলেন, এই প্রস্তাব দিয়ে আনান ইতিমধ্যে সিরিয়ার জনগণকে হতাশ করেছেন।রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী জেন্নাদি গাতিলভ বলেন, ‘সিরিয়ার বিষয়ে নতুন খসড়ার সঙ্গে আমরা একমত নই। এই প্রস্তাবের দুর্বলতা হলো, সংশ্লিষ্ট পক্ষগুলোকে অস্ত্রবিরতির জন্য বাস্তব কোনো পদক্ষেপের কথা উল্লেখ করা হয়নি।’ তিনি এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়ারও হুমকি দেন। টেলিগ্রাফ, এএফপি, বিবিসি।