ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় গতকাল মঙ্গলবার আরেক দফা রদবদল হলো। বেশ কয়েকজন মন্ত্রীকে বরখাস্ত করে নতুন কয়েকজন মন্ত্রী নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। পাশাপাশি তিনজন মন্ত্রীর পদোন্নতি হয়েছে। সরকারের মধ্যকার স্থবিরতা কাটাতে ও মন্ত্রীদের দুর্নীতির অভিযোগ মোকাবিলায় কেন্দ্রীয় সরকার গত এক বছরে এ নিয়ে দ্বিতীয়বার মন্ত্রিসভায় রদবদল করল।মনমোহন সিং অবশ্য কিছুটা স্থবির অর্থনীতি সচলে বড় কোনো ঝুঁকিতে যাননি। অর্থ, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, পররাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রীদের স্ব-স্ব পদে বহাল রেখে তাঁদের ওপর আস্থা রেখেছেন। ফলে কংগ্রেস নেতৃত্বাধীন দ্বিতীয় ইউপিএ সরকারের কিছু মন্ত্রীর দুর্নীতির ‘প্রায়শ্চিত্ত’ হিসেবে যাঁরা মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের আশা করেছিলেন, তাঁদের আশাভঙ্গ হয়েছে। ঢেলে সাজানো মন্ত্রিসভার সবচেয়ে আলোচিত নাম ভি কিশোর চন্দ্র দিও। অন্ধ্র প্রদেশের প্রবীণ এই সাংসদ প্রথমবারের মতো কেন্দ্রীয় মন্ত্রিসভায় সুযোগ পেলেন। খনিজ সম্পদমন্ত্রী এস জয়পাল রেড্ডির পর এই প্রদেশ থেকে একমাত্র তিনিই মন্ত্রী হলেন।দপ্তর রদবদল হওয়া উল্লেখযোগ্য মুখ হলেন, জয়রাম রমেশ। স্পষ্টবাদী ও দৃঢ়তার জন্য পরিচিত এ মন্ত্রীকে পরিবেশ ও বন মন্ত্রণালয় থেকে সরিয়ে গ্রামীণ উন্নয়নবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর ঘনিষ্ঠজন জয়ন্ত নটরাজনকে। ৫৭ বছর বয়সী নটরাজন প্রধানমন্ত্রীর সঙ্গে জয়রামের মতো বাদানুবাদে যাবেন না বলে বিশেষজ্ঞরা মনে করছেন।আইন ও বিচারমন্ত্রী করা হয়েছে সালমান খুরশিদকে। এর মধ্য দিয়ে সম্ভবত তাঁর কাঁধেই সবচেয়ে বড় দায়িত্বটা দেওয়া হয়েছে। কমনওয়েলথ গেমস ও টেলিকম খাতে দুর্নীতির কারণে ইউপিএ সরকারের হারানো বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধারে নিরপেক্ষ তদন্ত ও বিচার করার ওপরই তাঁর সফলতা নির্ভর করছে।সাবেক আইনমন্ত্রী বীরাপ্পা মইলির চ্যালেঞ্জটাও কম নয়। করপোরেটবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে তাঁর প্রথম কাজ হবে কৃষিজমি অধিগ্রহণ-সংক্রান্ত সমস্যার একটা গ্রহণযোগ্য সমাধান করে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জন করা।সাবেক রেলমন্ত্রী মমতা ব্যানার্জির স্থলাভিষিক্ত হয়েছেন তৃণমূল কংগ্রেসের আরেক নেতা দীনেশ ত্রিবেদি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ায় গত মে মাসে রেলমন্ত্রীর পদ ছেড়ে দেন মমতা।নতুন দায়িত্বপ্রাপ্ত অন্য মন্ত্রীরা হলেন: পবন সিং ঘাটোওয়ার (উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নবিষয়ক), সুদীপ বন্দ্যোপাধ্যায় (স্বাস্থ্য ও পরিবার), মিলিন্দ দেউরা (যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি), রাজীব শুক্লা (সংসদবিষয়ক) ও বেণীপ্রসাদ ভার্মা (ইস্পাত)।অন্যদিকে বাদ পড়েছেন: এম এস গিল (ক্রীড়া), বিকে হান্দিক (উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নবিষয়ক), কান্তিলাল ভুরিয়া (উপজাতীয়), দায়ানিধি মারান (বস্ত্র), অরুণ এস যাদব (কৃষি) ও সাই প্রতাপ (ভারী শিল্প)। এনডিটিভি, পিটিআই।