বড় ধরনের সন্ত্রাসী হামলার আশঙ্কা যুক্তরাজ্যের
যুক্তরাজ্য কর্তৃপক্ষ সে দেশের প্রতি সন্ত্রাসী হামলার হুমকিকে ‘মারাত্মক’ বলে ঘোষণা করেছে। আগামী সপ্তাহে লন্ডনে ইয়েমেন ও আফগানিস্তানের ওপর অনুষ্ঠেয় আন্তর্জাতিক সম্মেলনের আগে বড় ধরনের সন্ত্রাসী হামলা হতে পারে বলে দেশটি আশঙ্কা করছে। গত শুক্রবার ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী এলান জনসন এ ঘোষণা দেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সন্ত্রাসীদের দিক থেকে যুক্তরাজ্যের ওপর সন্ত্রাসী হুমকির মাত্রা ‘মারাত্মক’ বলে অভিহিত করেছে দ্য জয়েন্ট টেরোরিজম অ্যানালাইসিস সেন্টার (জেটিএসি)। জেটিএসি হচ্ছে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই ফাইভের মূল্যায়ন ইউনিট।ইয়েমেন ও আফগানিস্তানে সন্ত্রাসবাদের হুমকি সম্পর্কে আগামী সপ্তাহে লন্ডনে অনুষ্ঠেয় সম্মেলনের প্রস্তুতির মধ্যে এ ঘোষণা দেওয়া হলো। আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই, জাতিসংঘ মহাসচিব বান কি মুন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন সম্মেলনে উপস্থিত থাকবেন।ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসী হামলার হুমকি ‘মারাত্মক’—এর অর্থ হচ্ছে সন্ত্রাসী হামলার জোর সম্ভাবনা রয়েছে। তবে সন্ত্রাসী হামলার ব্যাপারে কোনো গোয়েন্দা তথ্য নেই।জনসন বলেন, ব্রিটেন প্রকৃত অর্থেই এখন মারাত্মক হুমকির সম্মুখীন। জনগণকে সতর্ক থাকারও আহ্বান জানিয়েছেন তিনি। সর্বশেষ গত জুলাই মাসে হুমকির মাত্রা ‘মারাত্মক’ পর্যায়ে ছিল। তারপর সেটা ‘উল্লেখযোগ্য’ মাত্রায় নামিয়ে আনা হয়।ব্রিটিশ সরকারের সন্ত্রাসবিরোধী আইনের নিরপেক্ষ সমালোচক এলেক্স কার্লি বলেন, জনগণকে সতর্ক করার জন্য সন্ত্রাসী হামলার হুমকিকে ‘মারাত্মক’ মাত্রায় উন্নীত করা হয়েছে। জনগণকে আতঙ্কিত করার জন্য নয়। তিনি আরও বলেন, জনগণকে যদি সতর্ক থাকতে না বলা হয়, তাহলে তারা সতর্ক হবে না।সাম্প্রতিক বছরগুলোতে ব্রিটেনে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার চেষ্টা চালানো হয়। ২০০৫ সালের ৭ জুলাই লন্ডনের গণপরিবহন ব্যবস্থায় আত্মঘাতী হামলায় চার হামলাকারীসহ ৫৬ জন নিহত হয়।হুমকির মাত্রা জনসম্মুখে প্রকাশ শুরু করার পর থেকে যুক্তরাজ্যে হুমকির মাত্রা দুবার সংক্ষিপ্ত সময়ের জন্য সর্বোচ্চ মাত্রা বা ‘সংকটপূর্ণ’ ধাপে উন্নীত করা হয়েছিল। সর্বোচ্চ মাত্রার অর্থ হচ্ছে সন্ত্রাসী হামলা অত্যাসন্ন। এএফপি। চালকবিহীন বিমান ব্যবহার করবে যুক্তরাজ্য যুক্তরাজ্যের পুলিশ সমাজবিরোধীদের কার্যকলাপ নিয়মিত পর্যবেক্ষণে চালকবিহীন বিমান ব্যবহারের পরিকল্পনা করছে।যুক্তরাজ্যের কেন্ট কাউন্টির পুলিশ ও অন্যান্য সরকারি সংস্থা অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান বিএইয়ের সহায়তায় এ চালকবিহীন বিমান তৈরির পরিকল্পনা নিয়েছে। বিএই ইতিমধ্যে অনেক চালকবিহীন বিমান তৈরি করেছে।তথ্য চাওয়ার অধিকার আইনের আওতায় যুক্তরাজ্যের গার্ডিয়ান পত্রিকা চালকবিহীন বিমান তৈরির এ তথ্য জানতে পেরেছে। পত্রিকাটি জানায়, নথিপত্রের তথ্য অনুযায়ী, ২০১২ সালে যুক্তরাজ্যে অনুষ্ঠেয় অলিম্পিক থেকে চালকবিহীন ওই বিমানের ব্যবহার শুরু হতে পারে। এতে আকাশ থেকে পর্যবেক্ষণের জন্য উচ্চক্ষমতাসম্পন্ন ক্যামেরা ও সেন্সর ব্যবহার করা হবে।বিএইয়ের চালকবিহীন বিমান যাতে নিজ থেকে উড়তে ও নামতে পারে সে অনুযায়ী এতে প্রোগ্রাম সেট করা হবে। বিমানগুলো একটানা ১৫ ঘণ্টা পর্যন্ত ২০ হাজার ফুট উঁচু দিয়ে উড়তে পারবে। ভূমি থেকে নিজেকে অদৃশ্য রেখে গোয়েন্দাগিরি বেশ ভালোভাবেই সারতে পারবে তারা।যুক্তরাজ্যের বিমান চলাচল নিয়ন্ত্রণকারী সংস্থা সিভিল এভিয়েশন অথরিটিকে (সিএএ) বিএই ও কেন্ট পুলিশ জানিয়েছে, চালকবিহীন এ বিমান সরকারের পর্যবেক্ষণক্ষমতা এবং পুলিশের কাজে বৈপ্লবিক পরিবর্তন আনবে।তবে যুক্তরাজ্যের আকাশে ওড়ার জন্য বর্তমানে চালকবিহীন বিমান চলাচলের অনুমতি দিতে আগ্রহী নয় সিএএ। কারণ, এতে অন্য বিমানের সঙ্গে ওই বিমানের সংঘর্ষ হওয়ার ঝুঁকি থাকে। খবর গার্ডিয়ান ও টাইমস অব ইন্ডিয়ার।