বড়দিন এখন বস্তুবাদের কাছে জিম্মি: পোপ

বিশ্বের ক্যাথলিক খ্রিষ্টান সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস বলেছেন, বস্তুবাদের দাপটে বড়দিনের সত্যিকারের তাৎপর্য আড়াল হয়ে যাচ্ছে। দিবসটি এখন বস্তুবাদের কাছে জিম্মি হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে আরও বেশি নম্রতা প্রয়োজন।
ভ্যাটিকানে কড়া নিরাপত্তার মধ্যে আয়োজিত বড়দিনের সমাবেশে পোপ এই বক্তব্য দেন। এতে তিনি বিশ্বজুড়ে শিশুদের অব্যাহত দুর্ভোগের নিন্দা করেন। দুর্গম পথে অভিবাসন এবং সিরিয়ার আলেপ্পোয় বোমাবর্ষণের মতো ঘটনায় যারা ক্ষুধা ও বিপদের মধ্যে দিন কাটাচ্ছে, পোপ তাদের কথা বলেছেন।
যিশু খ্রিষ্টের জন্মতিথি উদ্যাপন উপলক্ষে জনসমাবেশে পোপ ভাষণ দেন। এটিই ছিল তাঁর বড়দিনের প্রথম বড় কর্মসূচি। এরপর মধ্যাহ্নে তিনি প্রথামতো সবাইকে আশীর্বাদ করেন। পোপ বলেন, ‘এখনকার মানুষের বাণিজ্যিক আলোকসজ্জা ঐশী আলোকে ছায়ার দিকে ঠেলে দিচ্ছে। এখন আমরা উপহার নিয়ে মাতামাতি করি। কিন্তু যারা সুবিধাবঞ্চিত, তাদের ব্যাপারে নির্বিকার থাকি।’
পোপ ফ্রান্সিস গত এক বছরে কয়েকবার বিশ্বের শরণার্থীদের প্রতি সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। যিশু নিজেও যে একজন অভিবাসী ছিলেন, সে কথা খ্রিষ্টান সম্প্রদায়সহ বিশ্ববাসীকে মনে করিয়ে দিয়েছেন তিনি।
সিরিয়া যুদ্ধ শেষ করার আহ্বান জানিয়ে পোপ বলেন, এ লড়াইয়ে অনেক বেশি রক্ত ঝরেছে। পাঁচ বছরব্যাপী চলমান এ সংঘাতের ইতি টানতে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই একটি সমঝোতার জন্য সচেষ্ট হতে হবে।
‘বিদ্বেষমূলক প্রতিশোধ’ বর্জন করতে ফিলিস্তিনি ও ইসরায়েলিদের প্রতি আহ্বান জানিয়ে পোপ বলেছেন, ইতিহাসের একটি নতুন অধ্যায় লিখতে তাদের অবশ্যই সহমত হতে হবে।
ইউরোপে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে সেখানকার জনমনে একধরনের নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় গত শনিবার প্রবেশের সময় নিরাপত্তারক্ষীরা সবাইকে কড়া তল্লাশি করেন।