বড়দিনের সবচেয়ে ছোট আমন্ত্রণপত্র
বড়দিন উপলক্ষে স্কটল্যান্ডের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা বিশ্বের সবচেয়ে ছোট আমন্ত্রণপত্র তৈরি করেছেন। ন্যানো প্রযুক্তি ব্যবহার করে এই আমন্ত্রণপত্র তৈরি করেছেন তাঁরা।বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের বিশেষজ্ঞরা দাবি করেন, তাঁদের তৈরি বিশ্বের ক্ষুদ্রতম এই আমন্ত্রণপত্র খালি চোখে দেখা সম্ভব নয়। একটি সাধারণ ডাকটিকিটের ভেতরে এ ধরনের আট হাজার ২৭৬টি কার্ডের স্থান হবে।অধ্যাপক কুমিং ও কিন চেন ওই আমন্ত্রণপত্রের ক্রিসমাস ট্রির ছবির নকশা করেন। অতিক্ষুদ্র কাচের টুকরোর ওপর এই নকশা করা হয়। অধ্যাপক কুমিংয়ের দাবি, আমন্ত্রণপত্রটি ২৯০ মাইক্রোমিটার দীর্ঘ ও ২০০ মাইক্রোমিটার চওড়া। এক মাইক্রোমিটার এক মিটারের ১০ লাখ ভাগের এক ভাগ। মানুষের চুলের প্রস্থ ৩০০ মাইক্রোমিটার। তিনি বলেন, একটি এ-৫ আকারের বড়দিনের আমন্ত্রণপত্রের পাতায় পাঁচ লাখ ক্ষুদ্রতম আমন্ত্রণপত্র স্থান দেওয়া যাবে। ‘প্লাজমন রেজোন্যান্স’ নামের প্রক্রিয়ায় একটি নকশাকাটা অ্যালুমিনিয়াম ফিল্ম ব্যবহার করে আমন্ত্রণপত্রের রং তৈরি করা হয়েছে। ডেইলি মেইল অনলাইন।