বয়স বাড়লেও থাকবে তারুণ্য!
ভবিষ্যতে মানুষের বুড়িয়ে যাওয়ার ভয় থাকবে না। বয়স বাড়লেও শরীরের পেশিতে থাকবে তারুণ্যের শক্তি। রেহাই মিলবে কম বয়সে চামড়া কুঁচকে যাওয়ার রোগ থেকেও। সম্প্রতি ইঁদুরের ওপর স্টেম সেল প্রযুক্তির মাধ্যমে সফল গবেষণার পর এই দাবি করেছেন একদল বিজ্ঞানী।বিজ্ঞানীরা বলছেন, এই গবেষণা একপ্রকার বড়ি তৈরির পথ উন্মুক্ত করেছে। এই বড়ি সেবন করলে বয়স্করা তরুণ বয়সের শক্তি পাবেন। বয়স বাড়লেও আর স্বাস্থ্যঝুঁকি থাকবে না। এটি পেশিক্ষয় রোগের ওষুধ হিসেবেও কাজ করবে।বিজ্ঞানীরা কয়েকটি ইঁদুরের ওপর এই গবেষণা করেন। স্টেম সেল প্রযুক্তি ব্যবহার করে পায়ে ক্ষতযুক্ত কয়েকটি ইঁদুরকে ইনজেকশন দেওয়া হয় এবং সুস্থ সবল ইঁদুরের পেশি নিয়ে ক্ষতস্থানে প্রতিস্থাপন করা হয়। বিজ্ঞানীরা আশা করেছিলেন, এর মধ্য দিয়ে ইঁদুরের পায়ের ক্ষত ঠিক হয়ে যাবে। কিন্তু বিজ্ঞানীরা আশাতিরিক্ত ফল পেয়েছেন। কয়েক দিনের মধ্যে ক্ষতস্থান ঠিক হয়ে গেছে। এমনকি ক্ষতস্থানের পেশি আগের চেয়ে শক্তিশালী হয়েছে। ইঁদুরের পা-ও আগের চেয়ে শক্তিশালী হয়েছে।যুক্তরাষ্ট্রের কলোরাডো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ব্রাডলে অলউইন বলেন, ‘আমরা দেখলাম সংযোজিত পেশি ইঁদুরের ক্ষতস্থানে স্থায়ী হয়ে গেছে। পেশির বুড়িয়ে যাওয়া কমে গেছে ও আগের চেয়ে শক্তিশালী হয়েছে। গবেষণার এই ফলে আমরা রোমাঞ্চিত। আশাতীত ফল পেয়েছি আমরা।’বিজ্ঞানীরা বলছেন, তারা বেশ কিছু গবেষণা পরিচালনা করছেন। এসব গবেষণা সফল হলে মানবদেহেও স্টেম সেল প্রযুক্তির ফল কাজে লাগানো যেতে পারে। সায়েন্স ট্রানস্লেশনাল মেডিসিন জার্নালের প্রতিবেদনে বলা হয়, শরীরে স্বাভাবিকভাবে স্টেম সেলের জন্মের জন্য এক প্রকার বড়ি তৈরি করা যেতে পারে। স্টেম সেল প্রযুক্তির সফলতা পেতে এটিই সবচেয়ে সহজ উপায় হতে পারে। মেইল অনলাইন।