বয়সে ৮০ বছর, স্বাস্থ্যে ২০

বেশি বয়সে প্রচুর পরিমাণে শরীর চর্চা করলে রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যাওয়া থেকে মানুষ রক্ষা পায় এবং তা সংক্রমণের হাত থেকে রক্ষা করে। বিজ্ঞানীরা এ কথা জানিয়েছেন।
বিজ্ঞানীরা দীর্ঘ দূরত্ব অতিক্রম করা ১২৫ জন সাইক্লিস্টকে নিয়ে গবেষণা করেছেন, এখন যাঁদের কারও কারও বয়স ৮০ বছর বা তাঁর বেশি। বিজ্ঞানীরা দেখেছেন, তাঁদের রোগ প্রতিরোধের ব্যবস্থা ২০ বছর বয়সী তরুণদের মতো।
গবেষক কিংস কলেজ লন্ডনের প্রফেসর নরম্যান লাজারাস (৮২) বলেন, ‘শরীরচর্চা যদি ওষুধ হয়, তবে প্রত্যেকেরই উচিত এই ওষুধ গ্রহণ করা। শরীর, মন, পেশি এবং রোগ প্রতিরোধব্যবস্থায় এর উপকার সুদূরপ্রসারী। গবেষণায় অংশ নেওয়া ১২৫ জন সাইক্লিস্টের মধ্যে নরম্যান একজন। তিনি এই গবেষণার সহলেখকও।
এই গবেষণা প্রতিবেদনটি সাময়িকী এজিং সেলে প্রকাশিত হয়েছে।
আরেক গবেষক ইউনিভার্সিটি অব বার্মিংহ্যামের ইনস্টিটিউট অব ইনফ্ল্যামেশন অ্যান্ড এজিংয়ের পরিচালক প্রফেসর জ্যানেট লর্ড বলেন, ‘২০ বছর পর থেকে প্রতিবছর আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতা ২ থেকে ৩ শতাংশ হারে কমতে থাকে। এ কারণে বয়স্ক ব্যক্তিরা সংক্রমণের ঝুঁকিতে বেশি থাকেন। বিশেষ করে তাঁরা বাতের ব্যথা, আর্থারাইটিস ও ক্যানসারের ঝুঁকিতে বেশি থাকেন।’ তিনি বলেন, ‘যেহেতু বয়স্ক এই সাইক্লিস্টদের রোগ প্রতিরোধব্যবস্থা ৭০ থেকে ৮০ বছর বয়সীদের মতো না হয়ে ২০ বছর বয়সীদের মতো, এর মানে দাঁড়ায় শরীরচর্চার কারণে তাঁদের রোগ প্রতিরোধের ক্ষমতা কমেনি।’
গবেষকেরা ওই ব্যক্তিদের রক্তের টি-সেল পরীক্ষা করেন। টি-সেল নতুন কোনো সংক্রমণ প্রতিরোধে শরীরে রোগ প্রতিরোধব্যবস্থাকে সাহায্য করে।