ভক্ত হয়েই ক্ষান্ত নন, সুরতও বদল
তিনি টিভির রিয়্যালিটি শোর তারকা কিম কারডাশিয়ানের বিরাট ভক্ত। তবে এতেই তৃপ্ত নন। ওই রকম চেহারাও চাই তাঁর। টাকা থাকলে ঠেকায় কে? দেড় লাখ ডলার ঢেলে করিয়ে ফেললেন প্লাস্টিক সার্জারি। বাংলাদেশি মুদ্রায় তা প্রায় ১ কোটি ১৬ লাখ টাকা।
কিম কারডাশিয়ানের এই ভক্তটি হলেন যুক্তরাজ্যের ম্যানচেস্টার নগরের জর্ডান জেমস পার্ক (২৩) নামের এক যুবক। প্রিয় তারকার মতো নিজেকে দেখাতে পার্ক প্লাস্টিক সার্জারি ও কসমেটিকস ফিলার করিয়েছেন।
গতকাল শুক্রবার এনডিটিভির খবরে জানানো হয়, পার্ক একজন পেশাদার সজ্জাশিল্পী। কারডাশিয়ানের মতো তিনি হ্যান্ডব্যাগ রাখেন, গলায় থাকে বিলাসী ফার।
কারডাশিয়ানের মতো হতে পার্ককে তাঁর ঠোঁট ও চুলসহ মুখমণ্ডলের বিভিন্ন স্থানে পরিবর্তন আনতে হয়েছে। এই ঝক্কি নিয়ে অবশ্য তাঁর কোনো দুঃখ নেই। এ ব্যাপারে পার্কের ভাষ্য, ‘লোকজন যখন আমাকে প্লাস্টিক বা ভুয়া বলে অপদস্থ করার চেষ্টা করে, তখন আমি হাসি। তারা কি মনে করে যে আমি স্বাভাবিক চেহারা চাইছি? তা যদি হয়, তবে আমি টাকা ফেরত চাইব।’