ভদ্রকে নিয়ে 'অভদ্র' কথায় ব্যথিত প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে তাঁর স্বামী রবার্ট ভদ্রকে নিয়ে সমালোচনা করছে এবং যে ধরনের কথা বলছে তাতে তিনি ব্যথিত। এসব নিন্দার শক্ত জবাব দেবেন বলে জানিয়েছেন প্রিয়াঙ্কা।
টিএনএনে প্রকাশিত এক খবরে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘আমার পরিবার ও আমার স্বামীর বিরুদ্ধে অনেক রূঢ় শব্দ উচ্চারণ করা হচ্ছে। এভাবে আমার পরিবারকে অসম্মানিত করার চেষ্টা চলছে। এটা দুঃখজনক।’ রায়বেরিলিতে অনুষ্ঠিত এক সভায় তিনি আরও বলেন, ‘আমি ইন্দিরাজি’র কাছ থেকে শিখেছি কীভাবে এসব মোকাবিলা করতে হয়।’
প্রিয়াঙ্কা আরও বলেন, ‘এটা স্পষ্ট যে একটি পক্ষ আমাদের ছোট করে দেখানোর চেষ্টা করছে। কিন্তু তাঁরা এটি যতই করবে আমাদের জবাব ততই শক্ত হবে।’
রায়বেরিলির ওই সভায় কংগ্রেস নেতা সোনিয়া গান্ধীকে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়ে প্রিয়াঙ্কা বলেন, সোনিয়া গান্ধীর জন্য নয় আপনাদের সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য ভোট দিন। তিনি বলেন, ‘আমার মা এদেশে জন্ম নেননি। তবু ভারতের মানুষ তাঁকে গ্রহণ করেছেন। এটিই ভারতের সৌন্দর্য। এটি এমন এক দেশ যেখানে মানুষ একে অন্যকে ভালোবাসে।’