ভদ্রর জমি নিয়ে তদন্তের নির্দেশ দেওয়ায় বদলি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় প্রশাসনিক সেবা (আইএএস) বিভাগের কর্মকর্তা অশোক খেমকা তাঁকে আকস্মিক বদলি করার প্রতিবাদ জানিয়েছেন। হরিয়ানা রাজ্য সরকার তাঁকে শীর্ষ প্রশাসনিক কর্মকর্তার পদ থেকে সম্প্রতি বদলি করে। ক্ষমতাসীন দল কংগ্রেস-প্রধান সোনিয়া গান্ধীর জামাতা ও ব্যবসায়ী রবার্ট ভদ্রর জমি কেনাবেচা-সংক্রান্ত কয়েকটি বিষয় তদন্তের জন্য নির্দেশ দিয়েছিলেন খেমকা। এ কারণেই তাঁকে অপ্রত্যাশিতভাবে বদলি করা হয় বলে ধারণা করা হচ্ছে। হরিয়ানার ভূমি দপ্তরের মহাপরিচালক পদে খেমকার শেষ কার্যদিবস ছিল গত সোমবার। তিনি মানেসার-শিকোপুর এলাকার তিন একর জমির নিবন্ধন বাতিলের জন্য ওই দিন নির্দেশ দেন। ওই জমি বেসরকারি আবাসন প্রতিষ্ঠান ডিএলএফের কাছে বিক্রি করেছিলেন ভদ্র।রবার্ট ভদ্র ২০০৮ সালের ফেব্রুয়ারিতে হরিয়ানায় সাড়ে সাত কোটি ভারতীয় রুপি দিয়ে জমি কেনেন। ভদ্রর ব্যবসায়িক প্রতিষ্ঠান ওই এলাকায় একটি কলোনি গড়ে তুলতে একই বছরের মার্চে অনুমতিপত্র (লাইসেন্স) পায়। ওই লাইসেন্স পাওয়ার ৬৫ দিনের মধ্যে জমিটি বিক্রির জন্য ডিএলএফের সঙ্গে ৫৮ কোটি রুপির একটি চুক্তি করেন। বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ দেন খেমকা। সংবাদমাধ্যমের বিভিন্ন প্রতিবেদন এবং তাঁর দপ্তরে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি ওই তদন্তের নির্দেশ দিয়েছেন বলে সাংবাদিকদের জানান খেমকা। তবে বদলির আদেশের কারণ সম্পর্কে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। রাজ্য সরকারই এর কারণ জানাবে বলে তিনি জানিয়েছেন।খেমকা আরও বলেন, তিনি গত ২০ বছরে ৪০ বার বদলি হয়েছেন। আরও ভালো বেসামরিক কর্মকর্তা হওয়ার জন্য নিজের মধ্যে প্রয়োজনীয় সংশোধন আনতেই তিনি সাম্প্রতিক বদলির কারণ জানতে চান। দুর্নীতিবিরোধী আন্দোলনের নেতা অরবিন্দ কেজরিওয়াল এবং প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) খেমকাকে বদলির জন্য হরিয়ানা সরকারের সমালোচনা করেছে। টাইমস অব ইন্ডিয়া।