ভবন ছাড়তে রুশপন্থীদের ৪৮ ঘণ্টা সময় দিয়েছে ইউক্রেন
ইউক্রেনের পূর্বাঞ্চলের কয়েকটি শহরে সরকারি ভবন দখল করে রাখা রুশপন্থী বিক্ষোভকারীদের ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে সরকার। এ সময়ের মধ্যে তাদের ভবন ছাড়তে হবে। নতুবা ‘শক্তি প্রয়োগ’ করতে সরকার বাধ্য হবে। গতকাল বুধবার ইউক্রেনের অন্তর্বর্তী সরকার এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে।
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী আরসেন আভাকভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এই দুই বিকল্পের যে কোনোটির মাধ্যমে ‘৪৮ ঘণ্টার মধ্যে’ সংকটের সমাধান করা হবে।
আরসেন বলেন, লুহানস্ক, দোনেস্ক ও খারকিভে ‘সন্ত্রাসবিরোধী অভিযানের’ প্রস্তুতি চলছে এবং দুই দিনের মধ্যে তা শেষ করা হবে। সাংবাদিকদের তিনি বলেন, সংকট সমাধানে দুটি বিকল্প পথ রয়েছে। একটি রাজনৈতিক ও সমঝোতার এবং অন্যটি শক্তি প্রয়োগের।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘যাঁরা সংলাপ চান, তাঁদের জন্য আমাদের তরফে আছে আলোচনার প্রস্তাব ও রাজনৈতিক সমাধান। আর যাঁরা সংঘাত চান, তাঁদের জন্য ইউক্রেন শক্তি প্রয়োগ করতে বাধ্য হবে।’
মস্কোও ইউক্রেনের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেছে, বিক্ষোভকারীদের দমনে শক্তি প্রয়োগ করা হলে দেশে গৃহযুদ্ধ বাধতে পারে।
স্বরাষ্ট্রমন্ত্রীর ওই সময়সীমা বেঁধে দেওয়ার আগে পূর্বাঞ্চলীয় লুহানস্ক শহরের একটি সরকারি ভবনের ভেতর গত রোববার থেকে আটকে থাকা অর্ধশতাধিক ‘জিম্মি’ মুক্তি পেয়েছেন। ইউক্রেনের রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা গতকাল এ খবর জানায়। বিক্ষোভকারীরা এই ব্যক্তিদের ‘জিম্মি’ করেছিল।
ক্রিমিয়ার পর পূর্বাঞ্চলে সংকট দেখা দেওয়ার পর আগামী সপ্তাহে প্রথমবারের মতো এক চতুর্দেশীয় বৈঠকে বসতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ইউক্রেন। ক্রিমিয়াকে রাশিয়ার অংশ করে নেওয়ার পর সৃষ্ট অচলাবস্থার অবসান ঘটানোই এ আলোচনার লক্ষ্য।
ইউক্রেনের সীমান্তে রাশিয়ার সেনা সমাবেশ নিয়ে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোর উদ্বেগকে ‘ভিত্তিহীন’ আখ্যা দিয়েছে মস্কো। রাশিয়া বলেছে, ওয়াশিংটনই এই অঞ্চলে উত্তেজনা উসকে দিচ্ছে।
মস্কোর এই বক্তব্যের আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্র অভিযোগ করে, রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলে তার এজেন্টদের পাঠিয়ে সংকটকে আরও ঘনীভূত করছে। বিবিসি, এএফপি, রয়টার্স।