ভবন ধসে সরকার ধস

লাটভিয়ার রাজধানী রিগার এক বিপণিবিতান ধসে ৫৪ জন মারা যাওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী ভালদিস দমব্রভস্কিস আজ বুধবার ঘটনার দায়ভার নিয়ে পদত্যাগ করেছেন এবং তাঁর সরকার ভেঙে দিয়েছেন। বিবিসি জানায়, উত্তর ইউরোপের এ দেশটির প্রেসিডেন্ট আন্দ্রিস বেরজিনেসের সঙ্গে সাক্ষাতের পর প্রধানমন্ত্রী তাঁর পদত্যাগের ঘোষণা দেন।
সাংবাদিকদের তিনি বলেন, ‘দুঃখজনক ঘটনা ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমাদের মনে হয়েছে এখন একটি নতুন সরকার প্রয়োজন, যেটির প্রতি পার্লামেন্টের পূর্ণ সমর্থন আছে।’গত বৃহস্পতিবারে ম্যাক্সিমা সুপার মার্কেটের ভবনটি ধসে পড়লে ৫৪ ব্যক্তি প্রাণ হারায়।এর আগে প্রেসিডেন্ট বেরজিনেস দুর্ঘটনাটিকে ‘হত্যাকাণ্ড’ বলে অভিহিত করেছিলেন এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞদের দিয়ে ঘটনা তদন্তের আহ্বান জানান।
ভালদিস দমব্রভস্কিস আজ প্রেসিডেন্টের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা ধরে বৈঠক করেন। বৈঠকের পর প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, ‘যাঁরা ভবিষ্যতের কথা ভাবেন তাঁদের সবাইকে অনুরোধ করছি নিজ নিজ দায়িত্ব বুঝে নিয়ে এবং সে অনুযায়ী কাজ করুন।’
প্রধানমন্ত্রীর মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘সরকার দুর্ঘটনার রাজনৈতিক দায়দায়িত্ব স্বীকার করে নিয়েছে।’
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ভবন বিশেষজ্ঞরা বলছেন, বিপণিবিতানটির নকশা ঠিকভাবে করা হয়নি এবং এর ছাদে যে বাগান করা হয়েছিল সেটির ভারে ভবনটি ধসে পড়েছে। ধারণা করা হচ্ছে, ভবন নির্মাণে মানসম্মত উপকরণ ব্যবহূত হয়নি এবং বেশ কিছু দুর্নীতি হয়েছিল।
প্রেসিডেন্ট বেরজিনেস প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করতে পারেন, আবার ফিরিয়েও দিতে পারেন। গ্রহণ করলে, তিনি নতুন কাউকে সরকার গঠনের আহ্বান জানাবেন। ২০১৪ সালের অক্টোবরে সরকারের মেয়াদ ফুরাবার কথা ছিল।
১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর লাটভিয়া স্বাধীন রাষ্ট্র হিসেবে যাত্রা শুরু করে। গত কয়েক দশকে এটিই দেশটির সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা।
গত এক বছরে প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি বিশ্বজুড়ে ভবনধসে কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছে। বাংলাদেশের রানা প্লাজার দুর্ঘটনা এগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর। এতে এক হাজার ১৩৪ জন শ্রমিক প্রাণ হারায়।