ভবনে মানুষের মুখ
পুিরোনো ও পরিত্যক্ত ভবনকে ক্যানভাস হিসেবে ব্যবহার করেন তিনি। প্রাণহীন ধূসর ক্যানভাসে রং স্প্রে করে মানুষের মুখমণ্ডল ফুটিয়ে তোলেন তিনি। কখনো এসব মুখে হাসি লেগে থাকে। কখনো আতঙ্ক ছড়ায়। এসব ভবনের দিকে তাকিয়ে পথিকেরা হয়তো ভাবেন, এটি কী ভবন, নাকি কোনো মানুষ এমন দাঁত বের করে হাসছে! রুশ এই চিত্রশিল্পীর নাম নিকিতা নোমেরজ।মানানসই ভবনের খোঁজে রাশিয়ার বিভিন্ন শহর ঘুরে বেড়িয়েছেন নিকিতা। কাঙ্ক্ষিত ভবন মিললেই আঁকতে বসে যান। পরিণত করেন হাস্যোজ্জ্বল মানুষের মুখমণ্ডল। এ জন্য পুরস্কারও মিলেছে। ২০১১ সালে ‘সেরা স্ট্রিট আর্ট’-এর মর্যাদা পান। পুরোনো ভবন ছাড়াও পানির চৌবাচ্চাকে তাঁর ক্যানভাস করেছেন নিকিতা। এসব ক্যানভাসে মানুষের চোখ-মুখ এঁকে চলেছেন অবিরাম। ছবি আঁকতে সাধারণত এক ঘণ্টারও কম সময় ব্যয় করেন। তবে এ ক্ষেত্রে ক্যানভাসের আকৃতি ও আইডিয়ার কারণে সময়ের হেরফের হয়। ডেইলি মেইল অনলাইন।