ভবিষ্যতের চিন্তায় দুর্গতরা বাকরুদ্ধ, দিশেহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবিষ্যতের চিন্তায় চোখে অন্ধকার দেখছে জাপানের উপকূলীয় আশ্রয়কেন্দ্রের শরণার্থীরা। সুনামির ভয়াল থাবায় স্বজন-সহায়-সম্পদ হারিয়ে এখন তারা বাকরুদ্ধ, দিশেহারা। আশ্রয়কেন্দ্রে আপাতত মাথা গোঁজার ঠাঁই জুটলেও আগের মতো আবার ঘরবাড়ি তৈরি করে স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব হবে কি না, তা তারা জানে না। খাবার নেই, পানি নেই; বিদ্যুৎ, কম্বল, ওষুধ কিছুই পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে না। অনিশ্চিত ভাবনায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে তাদের।সর্বশেষ সরকারি হিসাব অনুযায়ী, ভূমিকম্প ও সুনামিতে পাঁচ হাজার ৬৯২ জনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নিখোঁজ ব্যক্তিদের মধ্য থেকে নয় হাজার ৫০৬ জনের নাম জানা গেছে। তবে ধারণা করা হচ্ছে, নিখোঁজ ব্যক্তিদের সংখ্যা এরচেয়ে অনেক গুণ বেশি। যারা কপালগুণে বেঁচে গেছে, তাদের এখন দিন কাটছে দুঃস্বপ্নের ভেতর।জাপানের ন্যাশনাল পুলিশ এজেন্সি বলেছে, বিভিন্ন বিদ্যালয় ভবন ও আশ্রয়কেন্দ্রে সাড়ে চার লাখের বেশি শরণার্থী আশ্রয় নিয়েছে। সেখানে পর্যাপ্ত খাদ্য ও ওষুধসহ নিত্যব্যবহার্য দ্রব্য সরবরাহ করা হচ্ছে না।সুনামি বিধ্বস্ত সেনদাই শহরে এখনো খাওয়ার পানির সরবরাহ নিশ্চিত করা যায়নি। সেনদাইয়ের একটি আশ্রয়কেন্দ্রে থাকা স্থানীয় বাসিন্দা নোরিকো সাওয়াকি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘চরম হতাশায় আমরা ক্রমশ মুষড়ে পড়ছি। আমাদের ভবিষ্যৎ কী, এর কিছুই আমরা বুঝতে পারছি না।’কেসেন্নুমা নামের ছোট গ্রামের একটি আশ্রয়কেন্দ্রে চাল ও নিত্যপণ্যের প্যাকেট সংগ্রহ করার জন্য ঘণ্টার পর ঘণ্টা লোকজনকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।উত্তরাঞ্চলীয় শহর ইয়ামাদার একটি আশ্রয়কেন্দ্রে চুলার ওপর হাত মেলে আগুন পোহাচ্ছিলেন ৭৪ বছর বয়সী তসুকাসা সাতো। তিনি পেশায় নাপিত। তিনি বললেন, ‘আমার টাকাপয়সা, ঘরবাড়ি সব ভেসে গেছে। কিছু নেই। এখানে জন্মেছি বলে বাকি জীবনটা এখানেই কাটাতে চাই। কিন্তু আবার সব গড়ে তোলা যাবে কি না, আমি জানি না।’জাপান সরকার গতকাল শুক্রবার আশ্রয়কেন্দ্র থেকে লোকজনকে ধাপে ধাপে দেশটির নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে। চিফ কেবিনেট সেক্রেটারি ইউকিও এদানো জানান, তাঁরা এ বিষয়ে প্রস্তুতি নিচ্ছেন।এদিকে গতকাল স্থানীয় সময় বেলা দুইটা ৪৬ মিনিটে সুনামিতে নিহত ব্যক্তিদের সম্মানে জাপানের অধিবাসীরা নীরবতা পালন করেছে। এএফপি ও বিবিসি অনলাইন।