ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত তাতার জনগোষ্ঠী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিমিয়ায় গণভোটের রায়ে জয়ী পক্ষের আনন্দ-উল্লাসে চাপা পড়েছে তাতার জনগোষ্ঠীর অনিশ্চিত ভবিষ্যৎ। গণভোটের ফল অনিশ্চয়তার পাশাপাশি তাদের জন্য ভীতি বয়ে এনেছে।
ক্রিমিয়ার ২০ লাখ অধিবাসীর মধ্যে জাতিগত তাতার মাত্র ১২ শতাংশ। তার্কিক বংশোদ্ভূত সুন্নি মুসলিম তাতার জনগোষ্ঠী ক্রিমিয়াকেই নিজেদের আবাস বলে মনে করে। ইউক্রেনের সঙ্গে থাকতেই স্বস্তিবোধ করে তারা। ঐতিহাসিক-ভাবেই মস্কো তাদের জন্য ভীতিকর।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রুশ বাহিনী মধ্য এশিয়া থেকে বের করে দেয় তাতারদের। জোসেফ স্টালিনের সময় তারা ব্যাপকভাবে নিগৃহীত হয়। তাই গত রোববার অনুষ্ঠিত গণভোটে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে রায় তাতারদের শঙ্কিত করে তুলেছে। তাতার জনগোষ্ঠী গণভোট বর্জন করলেও তাতে কোনো প্রভাব পড়েনি।
ক্রিমিয়ার নাম প্রকাশ না করার শর্তে এক তাতার নারী বলেন, আতঙ্কিত লোকজন খাবার মজুত করছেন। তাঁর এক সন্তান আছে, তার ভবিষ্যৎ নিয়েই উদ্বিগ্ন তিনি।
ক্রিমিয়ার তাতার নেতা মুস্তাফা আসাবা প্রশ্ন করেন, ‘কেন আমি রাশিয়ার সঙ্গে যুক্ত হব? রুশ সরকারকে নিয়ে আগাম কোনো কথা বলা যায় না। কারণ, ক্ষমতায় আছেন একজন একনায়ক।’ ক্রিমিয়াকে ইউক্রেন থেকে বিচ্ছিন্ন করার মূল হোতা হিসেবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেই চিহ্নিত করেন মুস্তাফা। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ক্রিমিয়া এখন ‘উসকানির’ কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। তাতার জনগোষ্ঠী জাতিসত্তা হারাবে, হারাবে ভাষা, সংস্কৃতি ও ধর্ম।
মুস্তাফা আরও বলেন, ‘আমরা মত প্রকাশের স্বাধীনতা উপভোগ করি। এর বিরুদ্ধে কোনো খড়্গ নেমে এলে আমরা প্রতিরোধ করব। কোনো কিছুই আটকাতে পারবে না আমাদের।’
৫৮ বছর বয়সী মুস্তাফা উজবেকিস্তানে জন্ম নেন। ১৯৪৪ সালে তাঁর পরিবারকে উজবেকিস্তান থেকে বিতাড়ন করা হয়। নাৎসি বাহিনীর সঙ্গে যোগ দেওয়ার অভিযোগে অনেক তাতার পরিবারকেই এভাবে বিতাড়ন করা হয়েছে। রুশ বাহিনী ক্রিমিয়ার নিয়ন্ত্রণ নিলে স্টালিন শাস্তি হিসেবে রেলগাড়িতে গাদাগাদি করে তাতারদের নির্বাসনে পাঠান। অনেকে রোগে ভুগে ও না খেয়ে মারা যায়। আশির দশকে রুশ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভের আমলে তাতাররা ক্রিমিয়ায় বাস করার সুযোগ পায়।
তাতার নেতা মুস্তাফা আশা প্রকাশ করেন, ক্রিমিয়া রাশিয়ার সঙ্গে যুক্ত হলেও তাতারদের জীবনে তাদের পূর্বপুরুষদের মতো নির্যাতন যেন না নেমে আসে। ক্রিমিয়া রাশিয়ায় বিলীন হলেও ৯৫ শতাংশ তাতার এখানেই বাস করবে।