ভবিষ্যৎ মুদ্রাব্যবস্থার পরিকল্পনা প্রকাশ করেছে ইইউ
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তার ভবিষ্যৎ মুদ্রাব্যবস্থার পরিকল্পনা প্রকাশ করেছে। এর মধ্যে ইউরোপীয় ট্রেজারি গঠনের কথাও উল্লেখ করা হয়েছে। এ ট্রেজারি ইইউভুক্ত দেশগুলোর বাজেট প্রণয়নে হস্তক্ষেপ করার ক্ষমতা থাকবে।কাল বৃহস্পতিবার ব্রাসেলসে দুই দিনের ইইউ সম্মেলন শুরু হচ্ছে। তার আগে গতকাল মঙ্গলবার এ পরিকল্পনা প্রকাশ করা হলো। এ পরিকল্পনায় ব্যাংকিং ইউনিয়ন গঠনের কথাও বলা হয়েছে। এতে ইউরোপের ব্যাংকিংয়ে একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে।ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট হোসে ম্যানুয়েল বারোসো বলেন, ‘আমরা এখন ইউরোপের ঐক্যের বিষয়টি সুস্পষ্ট করে বর্ণনা দেওয়ার মুহূর্তে আছি।’ তিনি বলেন, ‘আমাদের মূলনীতি হলো, সংহতি ও দায়িত্ব হাতে হাতে নিতে হবে।’ এর আগে জার্মান অর্থমন্ত্রী ভুল্বগ্যাং সাউব্ল বলেন, এতে ইউরোপের একজন অর্থমন্ত্রী ও একজন প্রেসিডেন্ট থাকতে পারেন। এই অর্থমন্ত্রীকে ইইউভুক্ত দেশগুলোর বাজেটে ভেটো দেওয়ার মতো ক্ষমতা দেওয়া যেতে পারে। বিবিসি।