ভরাডুবির পর কংগ্রেসে দোষারোপের রাজনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের লোকসভা নির্বাচনে ভরাডুবির পর এমনিতেই বিপর্যস্ত কংগ্রেসের নীতিনির্ধারকেরা৷ এমন পরিস্থিতিতে শুরু হয়েছে দোষারোপের রাজনীতি৷ দলের জ্যেষ্ঠ নেতারা যেমন বক্তব্য-বিবৃতি দিয়ে নিজেদের হতাশা-ক্ষোভ ঝাড়ছেন; বাদ যাচ্ছেন না জোটের শরিক দলগুলোর নেতারাও৷ খবর জি নিউজের৷
এবারের লোকসভা নির্বাচনে দলগতভাবে কংগ্রেস পেয়েছে মাত্র ৪৪টি আসন৷ ১২৮ বছরের পুরোনো দলটির ইতিহাসে এটিই সবচেয়ে বাজে ফল৷ আর দলটির নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) জোটগতভাবে পেয়েছে ৫৯টি আসন৷ শোচনীয় পরাজয়ের জন্য কংগ্রেসের কিছু নীতিনির্ধারকের নিষ্ক্রিয়তা এবং কিছু উপদেষ্টার ভুল পরামর্শকেই বড় করে দেখছেন জোটের নেতারা৷
নির্বাচনে দক্ষিণ মুম্বাই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত কংগ্রেসের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মিলিন্দ দেওড়া মনে করেন, যখন সবকিছু ঠিকঠাক চলছিল না, তখনো দলের কিছু ব্যক্তি একেবারেই মৌনতা অবলম্বন করেছেন৷ তিনি গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ‘এই দায় সবার৷ বিশেষ করে যাঁরা গত দুই থেকে তিন বছর দুরবস্থার সময় মুখ বুজেছিলেন, তাঁদের দায় নিতেই হবে৷ ভুল পরামর্শ দেওয়া মানুষগুলো যতটা দায়ী, দলের দুঃসময়ে মুখ বুজে থাকা নেতারাও সমান দায়ী৷’
দেওড়া বলেন, কংগ্রেসের বাজে ফলের জন্য সহসভাপতি রাহুল গান্ধীর উপদেষ্টাদেরও জবাবদিহি করতে হবে৷ কারণ, এই উপদেষ্টারাই নির্বাচনের সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রভাব রেখেছেন৷
এর আগে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা কমলনাথ দলের ভরাডুবির জন্য প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৌনতাকে দায়ী করে বলেছিলেন, জনগণের সঙ্গে যোগাযোগের ঘাটতিই ছিল সরকারের সব সমস্যার মূল৷
সরাসরি তোপের মুখে পড়েছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ৷ মাঠপর্যায়ের বাস্তব অবস্থা সম্পর্কে জ্ঞানের অভাব, করপোরেট-ধাঁচের ঔদ্ধত্যমূলক আচরণ ও নির্বাচনী প্রচারণার দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারায় দলের ভেতর থেকে এখন তুলাধোনা করা হচ্ছে ইউপিএ সরকারের সাবেক এই পল্লী উন্নয়নমন্ত্রীকে৷ এ ছাড়া রাহুলের ঘনিষ্ঠ সহযোগী কণিষ্ক সিংও তোপের মুখে পড়েছেন৷ এই কণিষ্ক সিংই রাহুলের কাছে দলীয় নেতা-কর্মীদের পেঁৗছানোকে কঠিন করে তুলেছিলেন বলে অভিযোগ রয়েছে৷
ইউপিএ জোটের শরিক জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি) ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) এরই মধ্যে কংগ্রেস নেতৃত্বের ভূমিকা নিয়ে কথা বলতে শুরু করেছে৷ এনসিপি নেতা ও বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রী প্রফুল প্যাটেল গত বুধবার বলেন, প্রধানমন্ত্রী মনমোহনের নিষ্ক্রিয়তা এবং জোটের শরিকদের সঙ্গে সংলাপ ভেঙে পড়ায় নির্বাচনে ভরাডুবি হয়েছে৷
এর আগে আইইউএমএলের একজন মুখপাত্র ইউপিএর ভরাডুবির জন্য রাহুলকে তুলাধোনা করেন৷ বলেন, রাহুলের ‘ওয়ান-ম্যান শো’ কোনো সুবিধা বয়ে আনতে পারেনি৷ তিনি জনগণের নাড়ির স্পন্দন ধরতে পারেননি৷ এমন একজন নেতা কীভাবে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপির সামনে টিকবেন?