ভাইয়ের স্ত্রীর স্মৃতিতে নেলসন ম্যান্ডেলা
বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলার শৈশবের ঘনিষ্ঠ বন্ধু ও চাচাতো ভাই প্রয়াত জাস্টিস এমটিরারা। এমটিরারার বিয়ের পর তাঁর স্ত্রী নোজোলিলেও (৯১) ম্যান্ডেলার বেশ ভালো বন্ধু বনে যান। তরুণ বয়সের ম্যান্ডেলাকে কিছুটা সময় খুব কাছ থেকে দেখেছিলেন তিনি। আবার ম্যান্ডেলা যখন রাজনীতি ও জনসমাগম এড়িয়ে পরিবার এবং বন্ধুদের নিয়ে জীবনের শেষ দিনগুলো কাটাচ্ছিলেন, তখনো নোজোলিলে অনেক সুন্দর সন্ধ্যা কাটিয়েছেন এই কিংবদন্তির সঙ্গে।
ম্যান্ডেলার সঙ্গে নোজোলিলের প্রথম দেখা ১৯৪৫ সালে, এমটিরারার সঙ্গে তাঁর বিয়ের পর। ধীরে ধীরে ম্যান্ডেলার সঙ্গে তাঁর বিশ্বস্ত বন্ধুর সম্পর্ক গড়ে ওঠে।
নোজোলিলে বলেন, ম্যান্ডেলা বিভিন্ন সময় তাঁর জীবনের গল্প শোনাতেন। বৃদ্ধ বয়সেও সেই গল্প শোনানোর ক্ষেত্রে তাঁর শিশুসুলভ উচ্ছ্বাস চোখে পড়ত।
নোজোলিলে জানান, ম্যান্ডেলার কাছ থেকে তিনি শুনেছেন, ২২ বছর বয়সে ম্যান্ডেলা ফোর্ট হেয়ার বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হলে তাঁর চাচা তাঁকে বিয়ের জন্য চাপ দেন। ওই সময় এমটিরারাকেও বিয়ের জন্য চাপ দিয়েছিলেন ওই চাচা। চাচা দুজনকেই বিয়ের জন্য চাপ দিয়েছিলেন; কারণ, ম্যান্ডেলা-এমটিরারা ছিলেন মানিকজোড়ের মতো। কিন্তু তাঁরা বিয়ে করতে রাজি ছিলেন না। চাচার এই চাপে ম্যান্ডেলা ও এমটিরারা চাচারই ষাঁড় চুরি করে বিক্রি করে টাকা জোগাড় করেন। সেই টাকা নিয়ে দুজনেই চলে যান জোহানেসবার্গে। পরে এমটিরারা বাড়ি ফিরলেও ফেরেননি ম্যান্ডেলা। সেখানে ধীরে ধীরে রাজনীতিতে জড়িয়ে পড়লেন তিনি। তার পরের অংশ তো ইতিহাস।
নোজোলিলে বলেন, রাজনীতি থেকে অবসর নেওয়ার পর যখন তিনি বাড়িতে ফিরলেন, তখন তিনি জনগণের হূদয় জয় করা এক নায়ক। দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন শেষে অবসর নেওয়া এক নায়ক। অবসর নেওয়ার পর ম্যান্ডেলার সঙ্গে অনেক সন্ধ্যায় বাড়ির আঙিনায় লাঠিতে ভর দিয়ে দুজনে পাশাপাশি হেঁটেছেন। বিবিসি।