ভাইয়ের দুর্নীতির জন্য ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মাউং-বাক তাঁর বড় ভাই ও সাবেক কয়েকজন সহযোগী দুর্নীতির সঙ্গে জড়িত থাকায় জাতির কাছে ক্ষমা চেয়েছেন। গতকাল মঙ্গলবার টেলিভিশনে ভাষণদানকালে তিনি ক্ষমা চান।টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট লি জাতির উদ্দেশে মাথা নিচু করে বলেন, ‘ওই দুর্নীতির জন্য আমি দেশবাসীর কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। এর সঙ্গে আমার ঘনিষ্ঠজনেরা জড়িত থাকায় এটি আমার জন্য হূদয়বিদারকও।’ প্রেসিডেন্ট লির বড় ভাই ও সাবেক আইন প্রণেতা লি সাং-দেউক (৭৬) দুটি ব্যাংকের কাছ থেকে ৬০ কোটি উন ঘুষ নেওয়ার অভিযোগে চলতি মাসের শুরুর দিকে গ্রেপ্তার হন। অডিট ফাঁকি দেওয়া ও সাজা এড়াতে ব্যাংক দুটিকে সাহায্য করতেই তিনি এ ঘুষ নেন। বড় ভাইয়ের বিরুদ্ধে এ রকম দুর্নীতির অভিযোগ ওঠায় ক্ষতিগ্রস্ত হয় প্রেসিডেন্ট লির ভাবমূর্তি। অবশ্য এরই মধ্যে লি প্রেসিডেন্ট হিসেবে তাঁর পাঁচ বছরের মেয়াদ প্রায় শেষ করে ফেলেছেন। এ বছরের ডিসেম্বরে দেশটিতে নতুন প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা। তা ছাড়া দেশটির সংবিধান অনুযায়ী লি আর দ্বিতীয় দফা প্রেসিডেন্ট প্রার্থীও হতে পারবেন না। এএফপি।